মিয়ানমার হয়ে সড়ক ও রেল যোগাযোগে বাংলাদেশকে সহায়তা দেবে চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে মিয়ানমার হয়ে বাংলাদেশের সঙ্গে সরাসরি সড়ক ও রেল যোগাযোগ প্রতিষ্ঠায় সহায়তা দিতে রাজি আছে চীন। এ জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণসহ বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করার আগ্রহ দেখিয়েছে তারা। সফররত চীনের দক্ষিণাঞ্চলের ইউনান প্রদেশের গভর্নর কিন গুয়াংরং গতকাল রোববার এ আগ্রহ প্রকাশ করেন। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে যোগাযোগমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে তিনি দুই দেশের সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেন। বৈঠক শেষে শিক্ষা, কৃষি, জ্বালানি ও পর্যটন খাতে সহযোগিতার বিষয়ে বাংলাদেশ ও ইউনান প্রদেশের মধ্যে চারটি সমঝোতা স্মারক সই হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গভর্নর কিন গুয়াংরং গতকাল সকালে দুই দিনের সফরে ঢাকায় আসেন। গত মার্চে চীন সফরকালে প্রধানমন্ত্রী তাঁকে এই সফরের আমন্ত্রণ জানান।গভর্নর কিন গুয়াংরংয়ের সঙ্গে বৈঠকে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেন, ‘সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সড়ক যোগাযোগে বিশেষ গুরুত্ব দিয়েছে। এরই অংশ হিসেবে মিয়ানমার ও চীনের সঙ্গে যোগাযোগের জন্য প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্পগুলোতে এশীয় উন্নয়ন ব্যাংকসহ উন্নয়ন সহযোগীদের সহায়তা চাওয়া হয়েছে। বাংলাদেশ এ ক্ষেত্রে চীনের সহায়তার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।’ দুই দেশের বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়ে আবুল হোসেন চীনের বাজারে বাংলাদেশের আরও বেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দিতে অনুরোধ করেন। পাশাপাশি বাংলাদেশে চীনের সরাসরি বিনিয়োগ ও শ্রমঘন শিল্প পুনঃস্থাপনকেও স্বাগত জানান।মন্ত্রীর সঙ্গে একমত প্রকাশ করে ইউনানের গভর্নর বলেন, ‘মিয়ানমার হয়ে বাংলাদেশের সঙ্গে ত্রিদেশীয় সড়ক ও রেল যোগাযোগ প্রতিষ্ঠা খুব জরুরি। এ জন্য বাংলাদেশকে আমরা প্রয়োজনীয় সহায়তা করব।’ কিন গুয়াংরং বলেন, ‘সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠা ছাড়াও কৃষি, শিক্ষা, জ্বালানি ও পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে আমরা বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চাই।’ আনুষ্ঠানিক ওই আলোচনায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ছাড়াও ঢাকায় চীনের রাষ্ট্রদূত ঝাং জিয়ানজি উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারকের বিষয়বস্তু: শিক্ষা খাতে সহযোগিতাসংক্রান্ত সমঝোতা স্মারক অনুযায়ী ইউনান সরকার প্রদেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ২০১১ সাল থেকে বাংলাদেশের ২০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেবে। ওই বৃত্তির আওতায় টিউশন ফি ছাড়াও থাকা-খাওয়ার খরচ, চিকিৎসা বিমা ও আসা-যাওয়ার বিমান ভাড়া দেওয়া হবে। এ ছাড়া নিজেদের টাকায় প্রদেশটিতে পড়বে এমন প্রতি ১০০ শিক্ষার্থীর মধ্যে কৃতী প্রথম পাঁচ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি খাতে গবেষণার জন্য চীনা দার্শনিক কনফুসিয়াসের নামে বাংলাদেশে ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে।কৃষি খাতের সমঝোতা স্মারক অনুযায়ী গবেষণার তথ্য আদান-প্রদান ও খাদ্যনিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে একে অন্যকে সহায়তা করবে। পর্যটনসংক্রান্ত সমঝোতা স্মারকের খসড়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণের পাশাপাশি মেলার আয়োজন, দুই দেশের পর্যটক ও পর্যটন ব্যবসায়ীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া ছাড়াও পর্যটনের বাজারের বিষয়ে তথ্য আদান-প্রদানের বিষয়গুলোর উল্লেখ রয়েছে। বাংলাদেশের জ্বালানি খাতে সংকট মেটাতে নতুন বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠার পাশাপাশি বিকল্প জ্বালানি ব্যবহারেও বাংলাদেশকে সহায়তা দেবে চীন। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ: বার্তা সংস্থা বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন গভর্নর কিন গুয়াংরং। আলোচনাকালে ইউনানের গভর্নর ঢাকা-চট্টগ্রাম-মিয়ানমার হয়ে কুনমিন শহর পর্যন্ত সংযোগ সড়ক স্থাপনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই সড়ক নির্মিত হলে তিন দেশের সুষ্ঠু যোগাযোগব্যবস্থা উন্নত হবে এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে এর ইতিবাচক প্রভাব পড়বে।