মিয়ানমারকে ইয়াবা কারখানার তালিকা দেবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে গড়ে ওঠা ১০টি ইয়াবা কারখানা ও কারখানার মালিকদের তালিকা মিয়ানমারকে দেবে বাংলাদেশ। বাংলাদেশের মাদক নিয়ন্ত্রণসংক্রান্ত জাতীয় কমিটির সঙ্গে মিয়ানমারের মাদকের অপব্যবহার-সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির বৈঠকে এসব তালিকা দেওয়া হবে বলে জানা গেছে। আগামীকাল ১৯ আগস্ট শনিবার থেকে ২১ আগস্ট মিয়ানমারে এ বৈঠক হবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, এই বৈঠকের মাধ্যমে তাঁরা মাদক নিরাময়ে মিয়ানমারের সহায়তা চাইবেন। কারণ, পারস্পরিক সহযোগিতা ছাড়া মাদক নির্মূল সম্ভব হবে না।

বৈঠকের এক প্রতিনিধি জানান, এটি মিয়ানমারের সঙ্গে তৃতীয় বৈঠক। এর আগে দুটি বৈঠকে মাদক নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হয়েছে। তবে মিয়ানমারের পক্ষ থেকে তেমন সাড়া মেলেনি। ওই প্রতিনিধি বলেন, বাংলাদেশ চাইবে মাদক কারখানার তথ্য মিয়ানমার বিনিময় করুক। কিন্তু মাদক ব্যবসায়ী ও কারখানা মালিকদের বিরুদ্ধে মিয়ানমার কী ব্যবস্থা নিচ্ছে, তা বাংলাদেশ জানতে পারেনি।