রাষ্ট্রপতি জিল্লুর রহমান রোহিঙ্গা মুসলমানদের নিয়ে সৃষ্ট সমস্যার সমাধানে ইতিবাচক উদ্যোগ নেওয়ার ব্যাপারে মিয়ানমার সরকারকে রাজি করাতে ওআইসিভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। গত বুধবার রাতে সৌদি আরবের মক্কায় ইসলামি শীর্ষ সম্মেলনের চতুর্থ বিশেষ অধিবেশনের সমাপনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় রাষ্ট্রপতি এই আহ্বান জানান। গতকাল বৃহস্পতিবার সৌদি আরব থেকে পাওয়া এক বার্তায় এ কথা বলা হয়েছে। খবর বাসসের। ভাষণে জিল্লুর রহমান বলেন, ‘আমরা দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিকভাবে এই দীর্ঘস্থায়ী (রোহিঙ্গা) সমস্যার একটি স্থায়ী সমাধানের ব্যাপারে অবশ্যই সক্রিয় ভূমিকা গ্রহণ করব।’ রাষ্ট্রপতি বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে মানবাধিকারবিষয়ক জাতিসংঘ হাইকমিশনার সেখানে সংখ্যালঘু মুসলমানদের ওপর ব্যাপক নিপীড়ন চালানোর বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। রাষ্ট্রপতি বলেন, এটি শুধু মুসলমানদের সুরক্ষা ও তাঁদের বিশ্বাসের বিষয় নয়; এটি একটি সর্বজনীন মানবাধিকারের বিষয়। এ ব্যাপারে আন্তর্জাতিক জনমত গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার।রাষ্ট্রপতি বলেন, ‘প্রচলিত কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি গণসচেতনতার জন্য বিশেষ করে অমুসলিম দেশগুলোর সরকারকে এ ব্যাপারে প্রভাবিত করতে আমাদের উদ্ভাবনী প্রচেষ্টা চালানো প্রয়োজন।’সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল-সউদ আয়োজিত দুই দিনব্যাপী ইসলামি শীর্ষ সম্মেলনের চতুর্থ অধিবেশনে ওআইসির সদস্যদেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানেরা যোগ দেন। রাষ্ট্রপতির আজ শুক্রবার দেশে ফেরার কথা।এদিকে রাষ্ট্রপতি জিল্লুর রহমান গতকাল মক্কায় কাবা শরিফে পবিত্র উমরাহ হজ পালন করেছেন। এ সময় রাষ্ট্রপতির ছেলে সাংসদ নাজমুল হাসান ও পরিবারের অন্যান্য সদস্যসহ বঙ্গভবনের কর্মকর্তারা সঙ্গে ছিলেন।