মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি আসছেন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ইয়াংহি লি। ছবি: জাতিসংঘ
জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ইয়াংহি লি। ছবি: জাতিসংঘ

মিয়ানমার সফরে নিষেধাজ্ঞার পর রোহিঙ্গা পরিস্থিতি দেখতে এবার শুধু বাংলাদেশে আসছেন জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত (র‍্যাপোর্টিয়ার) ইয়াংহি লি। তিনি সাত দিনের সফরে আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় আসছেন। গত বছরের ফেব্রুয়ারির পর এক বছরের মধ্যে এটি ঢাকায় তাঁর দ্বিতীয় সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা গত সোমবার প্রথম আলোকে জানিয়েছেন, ইয়াংহি লি বাংলাদেশ সফরের বড় অংশটুকু কক্সবাজারে রোহিঙ্গাদের শিবির ঘুরে দেখবেন। ঢাকায় ফিরে তিনি রোহিঙ্গাদের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে আলোচনা করবেন। এ ছাড়া তিনি রোহিঙ্গা সমস্যা সমাধানের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গেও কথা বলবেন।

রোহিঙ্গাদের সর্বশেষ পরিস্থিতি দেখতে এ মাসে ইয়াংহি লির মিয়ানমার যাওয়ার কথা ছিল। কিন্তু ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে তাঁর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনে মিয়ানমার। জেনেভায় মিয়ানমারের স্থায়ী প্রতিনিধি তিন লিন জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে জানিয়েছিলেন, গত জুলাইয়ে ইয়াংহি লি যে বিবৃতি দিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে তাঁকে আর সহযোগিতা করা হবে না। মিয়ানমার সরকার ওই প্রতিবেদনকে পক্ষপাতদুষ্ট হিসেবে অভিহিত করেছে। ওই প্রতিবেদনে ইয়াংহি লি বলেছিলেন, গত জানুয়ারিতে রোহিঙ্গাদের যে পরিস্থিতি তিনি দেখেছেন, তার কোনো উন্নতি হয়নি; বরং পরিস্থিতি আরও জটিল হয়েছে।

২০১৪ সালের জুনে ইয়াংহি লি মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত হিসেবে নিয়োগ পান। নিয়ম অনুযায়ী প্রতিবছর তাঁর দুবার মিয়ানমার সফরের কথা। ২০১৬ সালের অক্টোবরে রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর অভিযানের পরিপ্রেক্ষিতে তিনি গত বছর জানুয়ারি ও জুলাইয়ে দেশটি সফর করেন। মাঝে ফেব্রুয়ারিতে তিনি বাংলাদেশে এসে কক্সবাজারে রোহিঙ্গাদের দেখতে যান। গত বছরের মার্চে ইয়াংহি লির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে।

পাঁচ লাখের বেশি রোহিঙ্গা শিশু ঝুঁকিতে

আসন্ন ঘূর্ণিঝড় ও বৃষ্টির মৌসুমে বাংলাদেশে আশ্রয় নেওয়া ৫ লাখ ২০ হাজারের বেশি শিশু মারাত্মক স্বাস্থ্য ও নিরাপত্তাঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছে ইউনিসেফ। বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফের প্রতিনিধি এডওয়ার্ড বেইগবেদের গতকাল এক বিবৃতিতে বলেন, ‘ইতিমধ্যে সৃষ্ট ভয়ানক মানবিক পরিস্থিতি ঘূর্ণিঝড় ও মৌসুমি ঋতুতে আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে। কয়েক লাখ শিশু ভয়ংকর পরিবেশে বাস করছে। সামনে বন্যা, রোগ, ভূমিধস ও আবার স্থানচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে তারা। অনিরাপদ খাবার পানি, অপর্যাপ্ত পয়োনিষ্কাশন ব্যবস্থা ও অপ্রতুল পরিচ্ছন্নতা পরিস্থিতির কারণে কলেরা এবং গর্ভবতী নারী ও তাদের সন্তানের জন্য মারাত্মক হেপাটাইটিস-ই-এর প্রাদুর্ভাব দেখা দিতে পারে। এ ছাড়া বদ্ধ পানির জলাশয়ে ম্যালেরিয়ার জীবাণুবাহী মশার বিস্তার ঘটতে পারে। শিশুদের এসব রোগবালাই থেকে রক্ষা করা সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।’