মিয়ানমারে অবাধে ডিজেল পাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার সীমান্ত এলাকার পাঁচটি স্থান দিয়ে প্রতিদিন মিয়ানমারে প্রায় ১২ হাজার লিটার ডিজেল পাচার করা হচ্ছে। মিয়ানমারে দাম বেশি হওয়ায় একটি চক্র দেশটিতে ডিজেল পাচার করছে। এতে উখিয়ায় ডিজেলের সংকট সৃষ্টি হচ্ছে। সরেজমিনে জানা গেছে, উপজেলার রাজাপালং ইউনিয়নের রেজু আমতলী, ডেইলপাড়া, ডিগলিয়াপালং, কড়ইবনিয়া ও হাতিমুরা সীমান্ত দিয়ে প্রতিদিন ডিজেল পাচার হয়। ১০-১২ জনের সংঘবদ্ধ পাচারকারী চক্র উখিয়া সদর স্টেশনের ডিলারদের কাছ থেকে ডিজেল কিনে গ্যালন ভর্তি করে সীমান্তের বিভিন্ন স্থানে মজুদ করে রাখে। পরে তারা সুযোগ বুঝে মিয়ানমার থেকে আসা অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের কাছে তা বিক্রি করে দেয়। ডেইলপাড়ার কৃষক মফিদুল আলম, ডিগলিয়াপালংয়ের নাজির আহমদ চৌধুরী বলেন, পাচারকারীরা প্রতিদিন ট্যাক্সি, রিকশা ও ভ্যানে করে ডিজেলভর্তি গ্যালন এনে বিভিন্ন স্থানে মজুদ করে রাখে। সন্ধ্যার পর রোহিঙ্গাদের কাছে তা বিক্রি করে দেয়। জানা গেছে, পাঁচারকারীরা স্থানীয় ডিলারদের কাছ থেকে প্রতি লিটার ডিজেল ৪৮ টাকায় কিনে মিয়ানমারের ক্রেতাদের কাছে ৮০-৯০ টাকায় বিক্রি করে। কিছুদিন আগে পুলিশ কড়ইবনিয়া ও ডিগলিয়াপালং সীমান্ত থেকে পাচারের জন্য মজুদ রাখা দুই হাজার লিটার ডিজেল উদ্ধার করে। গত ১৪ আগস্ট উখিয়া দক্ষিণ স্টেশন থেকে পুলিশ এক হাজার লিটার ডিজেল জব্দ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচজন জ্বালানি তেলের ডিলারের কাছে প্রতিদিন ১৭-১৮ হাজার লিটার ডিজেল আসে। রেজু আমতলী বিডিআর ক্যাম্পের সুবেদার নবী হোসেন জানান, ‘বিস্তীর্ণ সীমান্ত এলাকা দিয়ে পাচার রোধ করা আমাদের একার পক্ষে কঠিন।’ উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘১০-১২ জন ডিজেল পাচারকারীর তালিকা আমাদের কাছে আছে। ইতিমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে।’