মিয়ানমারে উদ্ধার ১৫৫ বাংলাদেশি অভিবাসীকে ফিরিয়ে আনা হচ্ছে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে বঙ্গোপসাগরের উপকূল থেকে উদ্ধার হওয়া ১৫৫ জন বাংলাদেশি অভিবাসন-প্রত্যাশীকে আগামীকাল বুধবার দেশে ফিরিয়ে আনা হবে। বিজিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

কক্সবাজার ১৭-বিজিবির অধিনায়ক লে. কর্নেল রবিউল হাসান প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে ১৫৫ জনকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করা হয়েছে। মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের কক্সবাজারের উখিয়া উপজেলার গুনদুম সীমান্ত দিয়ে ফেরত আনা হবে।

গত মে মাসের শেষ দিকে এসব অভিবাসন-প্রত্যাশীকে বঙ্গোপসাগরের মিয়ানমারের উপকূল থেকে উদ্ধার করা হয় বলে জানা গেছে। এই ব্যক্তিরা অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া ও থাইল্যান্ডে যাচ্ছিলেন।