মিয়ানমারে উদ্ধার ২০০ জনের পরিচয় জানতে গেছে প্রতিনিধি দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের উপকূলীয় এলাকায় উদ্ধার হওয়া ২০০ অভিবাসীর পরিচয় জানতে বাংলাদেশের একটি প্রতিনিধি দল গতকাল সোমবার দেশটির রাখাইন রাজ্যে গেছে। ইয়াঙ্গুনের বাংলাদেশ দূতাবাস ও সিটুয়ের কনস্যুলেট দপ্তরের কয়েকজন কর্মকর্তাকে নিয়ে গঠিত প্রতিনিধি দলটি ওই অভিবাসীদের সঙ্গে কথা বলবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল বিকেলে প্রথম আলোকে এ তথ্য জানান।
মন্ত্রণালয়ের সূত্র জানায়, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা মিয়ানমারের নৌবাহিনীর হাতে উদ্ধার হওয়া লোকজনের সঙ্গে কথা বলে তাঁরা বাংলাদেশি কি না, সেটি বুঝতে চাইবেন। এরপর মিয়ানমার সরকারের কাছে তাঁদের পূর্ণাঙ্গ তালিকা চাইবেন। মিয়ানমার পূর্ণাঙ্গ তালিকা পাঠানোর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ওই অভিবাসীরা যে আসলেই বাংলাদেশের নাগরিক, সেটি নিশ্চিত হবেন। যাঁদের বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত হবে, শুধু তাঁদেরই বাংলাদেশ ফিরিয়ে নেবে।
এদিকে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) অসম্পূর্ণ তালিকা দেওয়ায় সাগরে উদ্ধার হওয়া ২০০ অভিবাসীকে গত রোববার যাচাই-বাছাই করতে যায়নি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিনিধি দল। এসব ব্যক্তির সম্পূর্ণ পরিচয় উল্লেখ করে তালিকা পাঠাতে বিজিপিকে ওই দিনই আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায় বিজিবি।
মানব পাচার বন্ধে ২৯ মে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠেয় বৈঠকে যোগ দিচ্ছে বাংলাদেশ। বৈঠকে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। ‘ভারত মহাসাগরে অবৈধ অভিবাসনবিষয়ক বিশেষ সভা’ শীর্ষক ওই বৈঠকের আয়োজন করেছে থাইল্যান্ড সরকার। এ অঞ্চলে মানব পাচার ব্যাপক হারে বেড়ে যাওয়ায় তা সমন্বিতভাবে বন্ধের উদ্যোগ নিতে থাইল্যান্ড এই বৈঠকের উদ্যোগ নিয়েছে।
জানা গেছে, বাংলাদেশের পক্ষ থেকে ওই বৈঠকে মানব পাচারের হিড়িক পড়ার মূল কারণ খুঁজে বের করে তা সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হবে।