মিয়ানমারে কারাভোগের পর ফিরলেন এক বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে সাড়ে চার বছরেরও বেশি সময় কারাভোগের পর দেশে ফেরত পাঠানো হয়েছে এক বাংলাদেশিকে।
গতকাল বুধবার বিজিবি ও মিয়ানমারের জাতীয় অভিবাসন সংস্থার মধ্যে বৈঠক শেষে মোহাম্মদ তারেক নামের ওই বাংলাদেশিকে ফেরত দেওয়া হয়।
মোহাম্মদ তারেক ওরফে তারার (২২) বাড়ি কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমের ধলিয়াপাড়া এলাকায়।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী বলেন, সম্প্রতি মিয়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশি একজন বন্দীর নাম বিজিবির কাছে পাঠায়। এরপর বিষয়টি যাচাই-বাছাই করা হয়। পরে ওই ব্যক্তিকে দেশে ফেরত আনার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে অনুমতি দেওয়া হয়।
বিজিবি সূত্র জানায়, মিয়ানমারের মংডু শহরে গতকাল অনুষ্ঠিত বৈঠকে বিজিবির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মেজর আবু রাসেল সিদ্দিকী। তাঁর সঙ্গে ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিউল আলম, পুলিশ সুপারের প্রতিনিধি টেকনাফ থানার পরিদর্শক (অপারেশন) মো. শফিউল আজম।
মিয়ানমারের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মংডু অভিবাসন কেন্দ্রের কর্মকর্তা ইউ অং ক্যাউ সিন।
বৈঠক শেষে সাজা ভোগ করা ওই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। দুপুরে তাঁকে টেকনাফে ফেরত এনে পুলিশে সোপর্দ করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ বলেন, মোহাম্মদ তারেককে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে দেশে ফেরত আনার পর মোহাম্মদ তারেক বলেন, ২০১২ সালের জুনের শেষের দিকে টেকনাফের কায়ুকখালিয়া ঘাট থেকে একটি ট্রলারে করে তাঁরা পাঁচজন সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। ওই সময় ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। তখন তিনি একটি জারিকেন নিয়ে ভাসতে ভাসতে মিয়ানমারের জলসীমায় চলে যান। পরে মিয়ানমারের নৌবাহিনীর সদস্যরা তাঁকে উদ্ধার করে। পরে তাঁকে সাজা দিয়ে কারাগারে পাঠান মিয়ানমারের আদালত।
মোহাম্মদ তারেক আরও বলেন, মিয়ানমারের বুচিদং ও আকিয়াব কারাগারে শতাধিক বাংলাদেশি বন্দী আছেন। তাঁরা বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করছেন।
তারেক বলেন, কারাগারে বাংলাদেশিদের বিভিন্নভাবে নির্যাতন ও মারধর করা হয়। তিনি আকিয়াব কারাগারে থাকার সময় দুজন বাংলাদেশি বন্দী অসুস্থ হয়ে মারা গেছেন। তিনি শুনেছেন তাঁদের বাড়ি ঢাকায়।