সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি বিষয়ে আলোচনার জন্য আজ মিয়ানমারের প্রশাসনিক রাজধানী নেপিডোতে বৈঠকে বসছেন বাংলাদেশ ও মিয়ানমারের কর্মকর্তারা। কারিগরি পর্যায়ের ষষ্ঠ এই বৈঠকে সমুদ্রসীমা নির্ধারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। গত সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। কর্মকর্তারা জানান, কারিগরি পর্যায়ের দুই দিনের এ বৈঠকে যোগ দিতে অতিরিক্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলমের নেতৃত্বে ১১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল গত সোমবার দুপুরে ঢাকা ছেড়েছে।গত জানুয়ারিতে চট্টগ্রামে অনুষ্ঠিত কারিগরি পর্যায়ের পঞ্চম বৈঠকে মিয়ানমার জানায়, সমদূরত্ব ও ন্যায্যতা—এই দুই নীতির সমন্বয়ের মাধ্যমে সমুদ্রসীমা নির্ধারণে রাজি তারা। মিয়ানমারের এ সিদ্ধান্ত সমুদ্রসীমা নির্ধারণ নিয়ে দুই প্রতিবেশীর দীর্ঘদিনের বিরোধ মীমাংসার পথ সুগম করবে। কারণ মিয়ানমার দীর্ঘদিন ধরে বলে আসছিল, সমদূরত্বের ভিত্তিতে সমুদ্রসীমা নির্ধারণ করা হবে। আর বাংলাদেশের দাবি, ন্যায্যতার ভিত্তিতে বিষয়টির সুরাহা করতে হবে।জানা গেছে, বাংলাদেশ গত বছরের অক্টোবরে বিষয়টির সুরাহার জন্য জাতিসংঘের সালিস আদালতে যায়। মিয়ানমার শেষ পর্যন্ত জাতিসংঘের সমুদ্রসীমা আইনসংক্রান্ত সনদের (আনক্লস) ধারা অনুযায়ী ন্যায্যতা-নীতি অনুসরণে বাংলাদেশের দাবি মেনে নেওয়ায় গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে ১৭টি ব্লক হাতছাড়া হওয়ার আশঙ্কা দূর হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মিয়ানমার সমদূরত্বের পাশাপাশি ন্যায্যতা-নীতি মেনে নিতে রাজি হওয়ায় বাংলাদেশের নিজস্ব সমুদ্রসীমা থেকে ২০০ মাইলের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল এবং ৩৫০ মাইলের মহীসোপান এলাকা নির্ধারণের পথ সুগম হচ্ছে।কর্মকর্তারা আরও জানান, মিয়ানমার সমদূরত্ব পদ্ধতিতে তাদের উপকূলে ১২ নটিক্যাল মাইল থেকে সর্বোচ্চ ২৪ নটিক্যাল মাইল পর্যন্ত নিজস্ব সমুদ্রসীমা নির্ধারণ করবে। বিশেষ অর্থনৈতিক এলাকার ২০০ নটিক্যাল মাইল নির্ধারণেও তারা ন্যায্যতা-নীতি মেনে নেবে। এতে ২৪ মাইলের বাইরে ১৭৬ মাইল সমুদ্র এলাকা দুই দেশের মধ্যে ন্যায্যতার ভিত্তিতে ভাগ হবে।