মিয়ানমারে গণহত্যা বন্ধে ঢাকায় বিক্ষোভ
মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে গতকাল শুক্রবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলামসহ বিভিন্ন দল ও সংগঠন। চট্টগ্রামেও একাধিক সংগঠন পৃথক মিছিল করেছে। সংগঠনগুলো মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলমান জনগোষ্ঠীর ওপর নির্যাতন ও গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানায়।
জুমার নামাজের পর ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর ফটকে সমাবেশ করে হেফাজতের নেতারা মুসলমানদের রক্ষায় ব্যর্থ হওয়ার অভিযোগ করে জাতিসংঘ ও ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) এবং মিয়ানমারের গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চির কড়া সমালোচনা করেন।
হেফাজতের ঢাকা মহানগর কমিটির সেক্রেটারি আবুল হাসানাত আমিনী রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের সীমান্ত খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘প্রয়োজনে রোহিঙ্গাদের জন্য প্রাচীরঘেরা শরণার্থীশিবির করুন।’
নুর হোসাইন কাসেমীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন হেফাজতের নেতা মুফতি ওয়াক্কাস আবদুল হামিদ, আবদুল লতিফ নেজামী, জাফরুল্লাহ খান, মুফতি ফয়জুল্লাহ, আহমদ আবদুল কাদের, জসিম উদ্দিন, মুজিবুর রহমান হামিদী, ফখরুল ইসলাম প্রমুখ।
পরে বায়তুল মোকাররম থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত সড়কে হেফাজতের কর্মীরা বিক্ষোভ করেন। এ কর্মসূচিকে ঘিরে পুরানা পল্টন ও বায়তুল মোকররমের আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় খেলাফত মজলিস মিছিল এবং এর আগে বেলা ১১টা থেকে দেড় ঘণ্টা জাতীয় প্রেসক্লাবের সামনে শিশুদের নিয়ে মানববন্ধন করে ইসলামি সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পীগোষ্ঠী। উভয় কর্মসূচি থেকে অবিলম্বে মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধের দাবি জানানো হয়।
জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে ইসলামিক ফ্রন্ট। ইসলামি ছাত্রসেনা ঢাকা মহানগরীর সভাপতি শেখ ফরিদ মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ইসলামিক ফ্রন্টের ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি এম মনির হোসাইন প্রমুখ।
এ ছাড়া জুমার নামাজ শেষে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহি জামে মসজিদ চত্বরে হেফাজতে ইসলাম এবং লালদীঘি শাহি মসজিদের সামনে বিক্ষোভ করেছে চট্টগ্রাম বিজয় মেলা পরিষদ। হেফাজতের সমাবেশে সংগঠনের মহাসচিব জুনায়েদ বাবুনগরী আর বিজয় মেলার সমাবেশে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বক্তব্য দেন।