মিয়ানমারে গণহত্যার আন্তর্জাতিক তদন্ত দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানা দাশগুপ্ত। প্রথম আলো ফাইল ছবি
রানা দাশগুপ্ত। প্রথম আলো ফাইল ছবি

মিয়ানমারে গণহত্যা এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনকে নির্যাতনের ঘটনার আন্তর্জাতিক তদন্ত চেয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। আজ রোববার কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে আশ্রয় নেওয়া মিয়ানমারের হিন্দু শরণার্থীদের সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। ঐক্য পরিষদের এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। 

রানা দাশগুপ্ত বলেন, মিয়ানমারে হিন্দু-মুসলিমনির্বিশেষে সবার ওপর যে নির্যাতন চলছে, সেটা গণহত্যার শামিল। মানবতাবিরোধী এই অপরাধে যারা জড়িত, তাদের আন্তর্জাতিক আইনের আওতায় আনতে জাতিসংঘকে উদ্যোগ নিতে হবে।
মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই প্রসিকিউটর বলেন, হত্যাকাণ্ড থেকে বাঁচতে লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এর মধ্যে ৫০০ জনের মতো নিগৃহীত হিন্দু শরণার্থী রয়েছে। তিনি বলেন, ‘আশ্রয় নেওয়া হিন্দুরা বলেছেন, কালো মুখোশধারীরাই হিন্দুদের ওপর হামলা করেছে। হামলাকারীরা বাংলা ও বার্মিজ ভাষায় কথা বলে। তাদের হাতে অস্ত্র ছিল। কালো মুখোশধারী হামলাকারীদের বিষয়ে আন্তর্জাতিক তদন্ত প্রয়োজন।’ তিনি বলেন, মিয়ানমারের ফকিরাবাজারে ৮৬ জন হিন্দুকে কেটে ফেলা হয়েছে, যাদের খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
নির্যাতনের শিকার হয়ে হিন্দু-মুসলিম যাঁরাই দেশে প্রবেশ করেছেন, তাঁদের ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান জানান রানা দাশগুপ্ত।
মিয়ানমার থেকে আসা শরণার্থীদের মধ্যে ত্রাণও বিতরণ করেন রানা দাশগুপ্ত। এ সময় তাঁর সঙ্গে সনাতন ধর্মের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।