মিয়ানমারে গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়া উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর বর্বর অত্যাচার-নির্যাতন ও গণহত্যার জন্য সেখানকার সেনাবাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচার হওয়া উচিত। মিয়ানমার সেনাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচারের জন্য আমাদের চিন্তাভাবনা করতে হচ্ছে। এ ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া যায়—তা নিয়ে ভাবছি।

আজ রোববার দুপুরে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শনের সময় সাংবাদিকদের এ কথা বলেন।
চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, রাখাইন রাজ্যে যা ঘটেছে, এটা মানবাধিকারের সবচেয়ে বড় লঙ্ঘন। এ জন্য তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত। মিয়ানমার যেভাবে বর্বরতা চালিয়ে যাচ্ছে, আগুন দিয়ে রোহিঙ্গাদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে, গুলি করে লোকজনকে হত্যা করছে—এটা গণহত্যার শামিল। তিনি বলেন, ‘মিয়ানমারের বিরুদ্ধে, মিয়ানমারের সেনাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচারের জন্য আমাদের চিন্তাভাবনা করতে হচ্ছে। এ ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া যায় ভাবছি। সেই সঙ্গে আমরা সারা বিশ্বের কাছে আহ্বান জানাচ্ছি, গণহত্যার বিরুদ্ধে সারা বিশ্ব এগিয়ে আসুক। কারণ, এই বর্বরতা ও জঘন্য অপরাধ সব অপরাধকে ছাড়িয়ে গেছে।’
তিন দিনের সফরে মানবাধিকার কমিশন চেয়ারম্যান কক্সবাজার এসে উখিয়া ও টেকনাফের কয়েকটি রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। এ সময় তিনি রাখাইন রাজ্য থেকে নতুন আসা রোহিঙ্গাদের সঙ্গেও কথা বলেন। কয়েকজন রোহিঙ্গা সে দেশে সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গাদের গুলি করে হত্যা, আগুন দিয়ে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া ঘটনা তুলে ধরেন চেয়ারম্যানের কাছে।
আগামীকাল সোমবার সকালে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কক্সবাজারে সংবাদ সম্মেলন করে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে তাঁর বক্তব্য তুলে ধরবেন বলে জানা গেছে।