বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি থেকে গত দুই মাসে ১৪টি মারমা আদিবাসী পরিবার মিয়ানমারে চলে গেছে। গত সোমবার সোনাইছড়ি মৌজার হেডম্যান (মৌজাপ্রধান) উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে দেশত্যাগের বিষয়টি জানিয়েছেন।সীমান্তের ওপারে একটি চক্রের ছড়ানো পুনর্বাসনের গুজবে আরও অনেক দরিদ্র ও প্রথাগত পদ্ধতির ভোগদখলীয় জুমের জমি হারানো মারমা পরিবার মিয়ানমারে চলে যাওয়ার জন্য গোপনে প্রস্তুতি নিচ্ছে বলে হেডম্যান জানিয়েছেন। ইউএনও বলেছেন, প্রকৃত বিষয়টি কী তাঁরা জানার চেষ্টা করছেন।২৬৯ নম্বর সোনাইছড়ি মৌজার হেডম্যান অংচিং থোয়াই মারমা ইএনওর কাছে অবহিতকরণ পত্রে বলেছেন, চারটি পাড়ার কার্বারি (পাড়াপ্রধান) তাঁদের পাড়া থেকে মিয়ানমারে চলে যাওয়া পরিবারের তালিকাসহ তাঁকে (হেডম্যানকে) জানিয়েছেন। এতে বলা হয়েছে, ৫ নভেম্বর ঠাকুরপাড়া থেকে চার পরিবার, ১০ ডিসেম্বর জুমখোলামাপাড়া থেকে তিন পরিবার, ২০ ডিসেম্বর হেডম্যানপাড়া থেকে তিন ও মারেগ্যাপাড়া থেকে চার পরিবার মিয়ানমারে চলে গেছে। ১৪টি পরিবারের সদস্যসংখ্যা ৫৫ জন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।হেডম্যান বলেন, কারও অত্যাচারে নয়, যারা সীমান্ত অতিক্রম করে চলে যাচ্ছে, তারা অত্যন্ত দরিদ্র। মিয়ানমারে গেলে দুটি গরু, জমি ও এক বছরের খাবার দেওয়া হবে বলে একটি চক্রের প্রলোভনের গুজবে তারা চলে গেছে। বহিরাগত দখলদারেরা ভূমি দখল করায় আদিবাসীদের জুমের জমি কমে যাওয়ায় তারা এমনতে সংকটে পড়েছে বলে হেডম্যান জানিয়েছেন।নাইক্ষ্যংছড়ির স্থানীয় লোকজন বলেছেন, সীমান্তের কাছাকাছি থাকা কিছু কিছু আদিবাসী পরিবার মাঝেমধ্যে মিয়ানমারে চলে যায়। সেখানকার রাখাইন জনগোষ্ঠীর সঙ্গে মিশে কয়েক বছর থাকার পর টিকতে না পেরে আবার স্বদেশে ফিরে আসে। অংচিং থোয়াই হেডম্যানও কিছু পরিবারের চলে যাওয়া ও চলে আসার কথা স্বীকার করে বলেছেন, দু-একটি এ রকম সীমান্ত যাযাবরের মতো পরিবার রয়েছে। তবে একসঙ্গে আট-দশটি পরিবার চলে যাওয়ার ঘটনা আগে ঘটেনি।নাইক্ষ্যংছড়ির ইউএনও আহমেদ জামিল বলেছেন, কিছু পরিবার মিয়ানমারে চলে যাওয়ার ব্যাপারে সোনাইছড়ির হেডম্যান তাঁকে জানিয়েছেন। বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিজিবির উপস্থিতিতে এ ব্যাপারে আলোচনা হবে।