মিয়ানমারে তদন্ত দল পাঠাচ্ছে জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গাদের ব্যাপক হত্যা, ধর্ষণ ও নির্যাতনের অভিযোগের তদন্ত করতে দেশটিতে আন্তর্জাতিক তদন্ত দল পাঠাচ্ছে জাতিসংঘ। গতকাল শুক্রবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের চলতি অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৪৭ সদস্যের জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সর্বসম্মত এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন জেনেভায় মিয়ানমারের স্থায়ী প্রতিনিধি হিন লিন। এই সিদ্ধান্তকে তিনি ‘অগ্রহণযোগ্য’ হিসেবে অভিহিত করেছেন।
মানবাধিকার কাউন্সিলের সদস্যদের কেউ কেউ রাখাইনে জাতিসংঘের সর্বোচ্চ পর্যায়ের তদন্ত মিশন ‘কমিশন অব ইনকোয়ারি’ পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন। অথচ চীন ও ভারত মিয়ানমারে আন্তর্জাতিক তদন্ত দল পাঠানোর বিরুদ্ধে থাকলেও চূড়ান্ত প্রস্তাব গ্রহণের সময় দেশ দুটি নিজেদের দূরে সরিয়ে রাখে। চীনের প্রতিনিধি মনে করেন, রাতারাতি এই সমস্যার সমাধান সম্ভব নয়।
মিয়ানমারের ঘটনার ব্যাপারে ‘অভিযোগকারীদের নিয়ে পুরোপুরি স্বচ্ছতার সঙ্গে তদন্ত করা এবং ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিতের’ কথা উল্লেখ করে আন্তর্জাতিক তদন্ত দল পাঠানোর প্রস্তাবটি দেয় ইউরোপীয় ইউনিয়ন। প্রস্তাবে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র।
গত অক্টোবর থেকে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা ২২০ জনের সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে জাতিসংঘ গত মাসে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ব্যাপক হারে হত্যা ও গণধর্ষণ চালিয়েছে, যা অনেকটা মানবতাবিরোধী অপরাধের শামিল এবং সম্ভবত জাতিগত নিধন চেষ্টার অংশ। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত রাখাইন রাজ্য থেকে প্রাণে বাঁচতে প্রায় ৭৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
এদিকে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের চলতি অধিবেশনে মিয়ানমারের মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ইয়াংঘি লির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে।
ইয়াংঘি লি কাউন্সিলের চলতি অধিবেশনে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বক্তৃতা করেন। ওই বক্তৃতায় তিনি রোহিঙ্গাদের ওপর গুরুতর নির্যাতনের জন্য জাতিসংঘের সর্বোচ্চ তদন্তের দাবি জানান। সেই সঙ্গে তিনি নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠে মিয়ানমারের বিরুদ্ধে একসঙ্গে একটি কঠোর বার্তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, গত অক্টোবরে রোহিঙ্গাদের ওপর নিরাপত্তা বাহিনীর নৃশংসতা থেকে স্পষ্ট যে সংখ্যালঘু ওই মুসলিম জনগোষ্ঠীর সবাইকে মিয়ানমার দেশ থেকে তাড়িয়ে দিতে চায়।
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৩৪তম অধিবেশনে ইয়াংঘি লি রোহিঙ্গাদের ওপর নির্যাতনের পর মিয়ানমার ও বাংলাদেশ সফর শেষে নিজের বিশ্লেষণ উপস্থাপন করেন।