মিয়ানমারে নাগরিকত্ব রোহিঙ্গাদের অবস্থা পাল্টানোর অন্যতম পূর্বশর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মিয়ানমারে রোহিঙ্গাদের অবস্থার উন্নতির জন্য দেশটির সংখ্যালঘু ওই জনগোষ্ঠীর নাগরিকত্ব নিশ্চিত করা অন্যতম পূর্বশর্ত। এর পাশাপাশি নিরাপত্তাসহ তাদের সব ধরনের মৌলিক অধিকার নিশ্চিত করাও জরুরি। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সফররত জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বাধীন রাখাইন রাজ্যবিষয়ক পরামর্শক কমিশনের সদস্যরা এই মন্তব্য করেছেন।
বাংলাদেশ সফরে তিন সদস্যের প্রতিনিধিদলটি এদিন দুপুরে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস-বিস) মিলনায়তনে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে। এ সময় পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকও উপস্থিত ছিলেন।
লেবাননের সাবেক সংস্কৃতিমন্ত্রী ঘাশান সালামের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদলে রয়েছেন মিয়ানমারের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান উইন ম্রা ও ইসলামিক সেন্টার অব মিয়ানমারের প্রধান আহ্বায়ক আই লুইন। বাংলাদেশ সফরের চতুর্থ দিনে প্রতিনিধিদলটি সকালে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দেখা করে। এরপর বিস মিলনায়তনে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে। গতকাল দলটির সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পরে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর সঙ্গে দেখা করেন।
বিসে আনান কমিশনের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ের পর নাগরিক সমাজের কয়েকজন প্রতিনিধি এই প্রতিবেদককে বলেন, রাখাইনে রোহিঙ্গাদের অবস্থার উন্নতির জন্য তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নাগরিকত্বসহ রোহিঙ্গাদের মৌলিক অধিকার নিশ্চিত করা, নিরাপত্তাব্যবস্থার উন্নতি ঘটিয়ে রোহিঙ্গাদের নিজেদের মাতৃভূমিতে ফেরার সহায়ক পরিবেশ তৈরি করা এবং বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার পদক্ষেপ।
মতবিনিময়ের পর বাংলাদেশ সফরের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ঘাশান সালামে সাংবাদিকদের বলেন, রাখাইন রাজ্যের সমস্যা সমাধানের জন্য গঠিত কমিশন মিয়ানমারের সব পক্ষের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি যাদের কথা কখনো শোনার সুযোগ হয়নি, অর্থাৎ বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের কথা শোনা জরুরি। গত অক্টোবরে কেন তারা পালিয়ে এসেছে, তাদের ভবিষ্যৎ এবং তাদের কী প্রয়োজন, সে সম্পর্কে অনেক কিছু জানার সুযোগ হয়েছে কমিশনের সদস্যদের। সমস্যা নিয়ে প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ কথা বলতে শুরু করেছে এবং এ নিয়ে বাংলাদেশের ভাবনা সম্পর্কে জানার সুযোগ হয়েছে।
গত অক্টোবরের ঘটনাপ্রবাহে এমন কোনো ধর্মীয় উপাদান কি আছে, যা রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য করেছে, এই প্রশ্নের উত্তরে ঘাশান সালামে বলেন, ‘আমার বিশ্বাস, এই সমস্যা শুধু ধর্মীয় পরিসরে সীমিত নয়। সংঘাতের মধ্যে যে ধর্মীয় মাত্রা রয়েছে, সেটিকে আমি নাকচ না করলেও এটি যে ধর্মের বিরুদ্ধে লড়াই নয়, সেটি বলতে হবে। এই সমস্যার সঙ্গে লোকজন বৈধ অধিকার ও নাগরিকত্ব থেকে বঞ্চিত হওয়ার বিষয় যেমন আছে, তেমনি তাদের জাতিগত পরিচয়, চলাফেরার অধিকার, আইনের শাসন ও মানবাধিকারের বিষয়ও জড়িত।’
নাগরিকত্ব নিশ্চিত করা হলে সমস্যার সমাধান হবে কি না জানতে চাইলে ঘাশান সালামে বলেন, ‘আমাদের বিশ্বাস, আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাখাইন রাজ্যে বসবাসকারী সব নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করাটা সেখানকার পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো হওয়ার অন্যতম প্রধান শর্ত। মিয়ানমারে অর্থনৈতিক ও প্রযুক্তিগতভাবে সবচেয়ে পিছিয়ে পড়া রাজ্য হচ্ছে রাখাইন। আমি মনে করি, সেখানকার মৌলিক মানবাধিকার ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার ব্যাপক সুযোগ আছে।’
প্রতিনিধিদলের অন্যতম সদস্য উইন ম্রা সাংবাদিকদের জানান, বাংলাদেশের নিবন্ধিত শরণার্থী শিবির ও অস্থায়ী শিবির ঘুরে রোহিঙ্গাদের সমস্যা নিয়ে নতুন ধারণা পেয়েছেন। রাখাইনের সংখ্যালঘু এই জনগোষ্ঠীর মৌলিক অধিকার নিশ্চিত করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ থেকে নিবন্ধিত শরণার্থী ও অনিবন্ধিত রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে জানতে চাইলে জাতিসংঘে মিয়ানমারের সাবেক স্থায়ী প্রতিনিধি মনে করেন, এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য দুই দেশের আলোচনা করা উচিত। রোহিঙ্গা সমস্যার বিষয়ে আলোচনার জন্য রাখাইন কমিশন মিয়ানমারের প্রতিবেশী অন্য দেশও সফরে যাবে।
রাখাইনে সশস্ত্র বাহিনীর অভিযান বন্ধের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উইন ম্রা বলেন, সেনাবাহিনী দাবি করে আসছে সীমান্তচৌকিতে সন্ত্রাসী হামলার জবাবে ওই অভিযান শুরু হয়েছে এবং এখনো তা চলছে। তিনি জানান, রাখাইন রাজ্যের উন্নয়নের জন্য কমিশন এ বছরের সেপ্টেম্বরের মধ্যে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চির কাছে একটি প্রতিবেদন জমা দেবে। ওই প্রতিবেদনে রোহিঙ্গাদের নাগরিকত্বের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।