মিয়ানমারে ন্যূনতম অধিকার পেলে ফিরে যাবে রোহিঙ্গারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে এবং সেখানে ন্যূনতম মৌলিক অধিকারের নিশ্চয়তা পেলে বাংলাদেশে অবস্থান করা রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যাবে। গতকাল সোমবার কক্সবাজারের উখিয়ার দুটি রোহিঙ্গাশিবির পরিদর্শনে গেলে কফি আনান কমিশনের প্রতিনিধিদলকে এ কথা জানায় রোহিঙ্গারা।
এর আগে গত রোববার আনান কমিশনের তিন সদস্যের প্রতিনিধিদলটি উখিয়া ও টেকনাফের দুটি রোহিঙ্গাশিবির পরিদর্শন করে। কক্সবাজার সফরের দ্বিতীয় দিনে গতকাল সকাল সাড়ে নয়টায় প্রতিনিধিদলের সদস্যরা কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে যান। তাঁরা শিবিরের পাশের পাহাড়ে স্থাপিত কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গাশিবিরও পরিদর্শন করেন। শরণার্থীশিবিরে ঢোকার পথে কয়েকজন রোহিঙ্গা পোস্টার হাতে দাঁড়িয়ে ছিল। এসব পোস্টারে রাখাইন রাজ্যে অত্যাচার, নির্যাতন বন্ধের দাবি জানানো হয়। যে দুটি শিবিরে প্রতিনিধিদল গেছে সেখানে প্রায় দেড় লাখ রোহিঙ্গা বাস করে। এর মধ্যে প্রায় ৪০ হাজার রোহিঙ্গাই গত অক্টোবর মাসে রাখাইন রাজ্যে দমন-পীড়ন শুরু হওয়ার পর এখানে পালিয়ে এসেছে।
আনান কমিশনের প্রতিনিধিদলে রয়েছেন মিয়ানমারের নাগরকি উইন ম্রা ও আই লুইন এবং লেবানিজ নাগরিক ঘাশান সালামে। শিবির পরিদর্শনের সময় প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন ইউএনএইচসিআর (জাতিসংঘ শরণার্থী-বিষয়ক সংস্থা), আইওএম (আন্তর্জাতিক অভিবাসী সংস্থা), পররাষ্ট্র মন্ত্রণালয়, সরকারের বিভিন্ন সংস্থা ও কক্সবাজার জেলা প্রশাসনের কর্মকর্তারা।
কুতুপালং নিবন্ধিত শরণার্থীশিবিরে রোহিঙ্গাদের সঙ্গে একান্তে কথা বলেন আনান কমিশনের সদস্যরা। এ সময় কমিশনের কাছে রাখাইন রাজ্যে নির্যাতনের চিত্র তুলে ধরেন শিবিরের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মৌলভী আলি আহমদ, ব্লক পরিচালনা কমিটির সভাপতি (মাঝি নামে পরিচিত) জাফর আলম, নুরুল হক, মো. ইউনুছসহ আরও কয়েকজন। তাঁরা গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত রাখাইন রাজ্যে সে দেশের সেনাবাহিনী ও পুলিশের অত্যাচার-নির্যাতনের বিষয়ে একটি চিঠি প্রতিনিধিদলের কাছে হস্তান্তর করেন।
কুতুপালং নিবন্ধিতশিবিরের মাঝিরা জানান, ওই চিঠিতে এলাকা, স্থান ও সময় উল্লেখ করে বলা হয়, রাখাইন রাজ্যে অন্তত ৫০টি মসজিদ, ৫৪টি ধর্মীয় স্কুল ও ৩ হাজার ৩২৯টি ঘরবাড়ি, ১৯৬টি দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, ৭৯৮ জন নারী ও কিশোরীকে ধর্ষণ, ৪৬৯ জনকে গুলি করে হত্যা, বিভিন্ন ধরনের নির্যাতন চালিয়ে খুন করা হয়েছে ১০৮ জনকে, নৌকা ডুবিয়ে হত্যা করা হয়েছে ৭৮ জনকে এবং ৯২০ জনকে গ্রেপ্তার করে নির্যাতন চালানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গাশিবির পরিচালনা কমিটির সভাপতি আবু ছিদ্দিক বলেন, প্রতিনিধিদলের সদস্যরা রোহিঙ্গা মুসলমানরা মিয়ানমারে ফিরে যাবেন কি না, তা জানতে চান তাঁদের কাছে। জবাবে তাঁরা বলেছেন, আরাকানে (রাখাইন রাজ্যে) স্বাভাবিক পরিস্থিতি ফিরে এলে এবং ন্যূনতম মৌলিক অধিকারগুলো পেলে তাঁরা মিয়ানমারে ফিরে যেতে রাজি। এরপর কমিশনের সদস্যরা জানতে চান, বাংলাদেশে তাঁরা (রোহিঙ্গারা) কেমন আছেন? জবাবে বলা হয়, নানা সমস্যা ও সীমাবদ্ধতার মধ্যেও বাংলাদেশ সরকার ও স্থানীয় জনগণ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। কিন্তু শিবিরে খাদ্যদ্রব্যের সংকট চলছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা দরকার।
কুতুপালংয়ের দুটি রোহিঙ্গাশিবির পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনান কমিশনের প্রতিনিধিদলের প্রধান ঘাশান সালামে বলেন, রোহিঙ্গারা তাঁদের কাছে রাখাইন রাজ্যের ঘটনা তুলে ধরেছে। আহত কয়েকজন রোহিঙ্গার সঙ্গেও তাঁদের কথা হয়েছে। বাংলাদেশে আসার আগে তাঁরা রাখাইন রাজ্য সফর করেছেন। দুই পারের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে এক বছরের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবেন তাঁরা। সেখানে নানা সুপারিশ থাকবে।
কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গাশিবির পরিদর্শনে গেলে আনান কমিশনের সদস্যদের রাখাইন রাজ্যের গজরবিল এলাকার বাসিন্দা মো. রফিক বলেন, গত ডিসেম্বর মাসের শেষ দিকে তাঁদের গ্রামে গুলিবর্ষণ শুরু হয়। নাডালা বাহিনীর সদস্যরা এ সময় ঘরবাড়িতে লুটপাট চালায়। পরে ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়।
একই রাজ্যের হাতিয়ারপাড়ার বাসিন্দা নুরুল আলম বলেন, মিয়ানমারের সেনারা তাঁর দুই ভাইকে ধরে নিয়ে হত্যা করেছে। তাঁদের বাড়িতে অগ্নিসংযোগ করে। প্রাণ বাঁচাতে পালিয়ে সীমান্ত অতিক্রম করেন তিনি।
গতকাল দুপুরে কমিশনের সদস্যরা কক্সবাজার জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা রুদ্ধদার বৈঠক করেন। জেলা প্রশাসক মো. আলী হোসেনের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সীমান্ত নিরাপত্তা, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের তালিকা, ইয়াবাসহ মাদক চোরাচালান, রাখাইন রাজ্যে সন্ত্রাসী হামলা নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আবদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) চাইলা মং মরমা প্রমুখ।
উখিয়া-টেকনাফের রোহিঙ্গাশিবির পরিদর্শন ও বৈঠক নিয়ে আনান কমিশনের সদস্যরা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।
কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন প্রথম আলোকে বলেন, বাংলাদেশ থেকে লোকজন গিয়ে রাখাইন রাজ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বৈঠকে এমন অভিযোগ তোলেন কমিশনের সদস্যরা। তাঁদের দাবি, বাংলাদেশ সীমান্তে সুরক্ষা না থাকায় রোহিঙ্গারা পালিয়ে আসার সুযোগ পাচ্ছে। এর জবাবে বলা হয়, বাংলাদেশ থেকে রাখাইন রাজ্যে হামলার অভিযোগ একেবারেই মিথ্যা। বাংলাদেশ সীমান্তে বিজিবির কঠোর নিরাপত্তা আছে। মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে। নতুন করে আসা ৬৬ হাজার রোহিঙ্গাসহ প্রায় ৩ লাখ রোহিঙ্গা কক্সবাজার জেলার বিভিন্ন শিবিরে থাকছে।
রাখাইন রাজ্যের জনগণের কল্যাণে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে সুপারিশ তৈরির জন্য মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি গত বছর জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানকে প্রধান করে একটি পরামর্শক কমিটি গঠন করেন। রাখাইন রাজ্যের সব নাগরিকের মানবিক ও উন্নয়ন, নাগরিকত্ব, মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার উপাদানগুলোকে নিয়ে কমিশন সুপারিশ তৈরি করবে। কফি আনান ফাউন্ডেশনের সহযোগিতায় মিয়ানমারের ছয় নাগরিক ও তিন বিদেশি বিশেষজ্ঞকে নিয়ে গঠিত এই কমিশন।