মিয়ানমারে পাচার হচ্ছে আলু ভোজ্যতেল, পেঁয়াজ ও রসুন
কক্সবাজারের টেকনাফের অন্তত ১৪টি পয়েন্ট দিয়ে মিয়ানমারে আলু, রসুন, পেঁয়াজ ও ভোজ্যতেল পাচার হচ্ছে। রমজান মাস উপলক্ষে ওপারে চাহিদা বেড়ে যাওয়ায় এই চারটি পণ্যের চোরাচালানও বাড়ছে। সংশ্লিষ্ট সূত্র জানা যায়, ২০১১ সালের জুন মাসের প্রথম সপ্তাহ থেকে টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমারে আলু রপ্তানি শুরু হয়। কিন্তু ওপারে চাহিদা থাকার পরও স্থলবন্দর দিয়ে রপ্তানি না করে অবৈধ পথে যাচ্ছে আলু। সেই সঙ্গে পাচার হচ্ছে রসুন, পেঁয়াজ ও ভোজ্যতেল ।টেকনাফ স্থলবন্দরের আলু রপ্তানিকারক জাফর আলম ও শওকত আলম জানান, মিয়ানমারে এখন অবৈধ পথেই আলু বেশি পাচার হওয়ায় ব্যবসায়ীরা আলু রপ্তানি করতে পারছেন না। উপজেলার ভাইস চেয়ারম্যান এইচ এম ইউনুচ বাঙ্গালী জানান, রমজান মাসে মিয়ানমারের আরাকান রাজ্যে আলু, রসুন, পেঁয়াজ ও ভোজ্যতেলসহ নানা পণ্যের চাহিদা বেড়ে যায়। এ সুযোগে বাংলাদেশের কিছু চোরাচালানি রমরমা ব্যবসা করে যাচ্ছে।টেকনাফ শুল্ক বিভাগের কাস্টমস সুপার কাজী আবুল হোসাইন বলেন, ‘মিয়ানমারে আলু রপ্তানি আগের চেয়ে অনেক কমে যাওয়ায় বৈদেশিক মুদ্রা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছি।’ বিজিবি সূত্রে জানা যায়, রমজান মাসের শুরু থেকে গত ১৯ দিনে বিজিবি, কোস্টগার্ড ও পুলিশের হাতে আটক হয় এক হাজার ৬৩৫ কেজি আলু, এক হাজার ৮৮৬ লিটার ভোজ্যতেল, এক হাজার ৫৩ কেজি রসুন ও এক হাজার ৭৮২ কেজি পেঁয়াজ। বিজিবির হাতে আটক মিয়ানমারের পাচারকারী আবদুল আমিন বলেন, সীমান্ত এলাকার কিছু দোকানির কাছ থেকে আলু, রসুন, পেঁয়াজ ও ভোজ্যতেল কিনে তাঁরা নানা কৌশলে মিয়ানমারে পাচার করেন।৪২ বর্ডার গার্ড টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান বলেন, রমজান মাসে আলু, রসুন, পেঁয়াজ ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য যাতে মিয়ানমারে পাচার হতে না পারে, সে ব্যাপারে বিজিবির সদস্যদের সীমান্ত এলাকায় সতর্কাবস্থায় রাখা হয়েছে। এর পরও তাঁদের চোখ ফাঁকি দিয়ে পণ্য পাচার করা হচ্ছে।উপজেলার নির্বাহী কর্মকর্তা আ ন ম নাজিম উদ্দিন বলেন, একাধিক চোরাচালানি চক্র মিয়ানমারে ভোজ্যতেলসহ ভোগ্যপণ্য পাচার করছে।