মিয়ানমারে পাচার হচ্ছে ওষুধ, আসছে মাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে অবৈধ পথে মিয়ানমারে যাচ্ছে প্রচুর ওষুধ। আর প্রতিবেশী এ দেশ থেকে আসছে ইয়াবা, বিদেশি মদ, বিয়ার ও বিভিন্ন মাদকদ্রব্য। এজন্য ব্যবহার করা হচ্ছে সীমান্তের ১৫টি চোরাই পথ। ওষুধ পাচার অব্যাহত থাকায় বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ সূত্র জানায়, বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ১১ অক্টোবর সদর ইউনিয়নের মৌলভীপাড়া ও সাবরাং মণ্ডলপাড়াসংলগ্ন সেতু দিয়ে মিয়ানমারে পাচারকালে বিভিন্ন ধরনের চার লাখ ৫৩ হাজার ৪৫৪ টাকার ওষুধ জব্দ করেন। এর আগে ২৪ সেপ্টেম্বর বিজিবির টেকনাফ শাহপরীর দ্বীপ সীমান্ত ফাঁড়ির জওয়ানেরা ২৩ হাজার ৮৭৭ টি ইয়াবা বড়িসহ একজনকে গ্রেপ্তার করেন। ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ কোস্ট গার্ড সাগরের মোহনায় মাছ ধরার নৌকায় তল্লাশি চালিয়ে ১০ হাজারটি ইয়াবা বড়িসহ টেকনাফ সদর ইউনিয়নের হাবিবপাড়া গ্রামের তিনি ব্যক্তিকে গ্রেপ্তার করে।গত ১২ সেপ্টেম্বর নাফ নদী হয়ে ১০ হাজার ইয়াবা বড়ি বাংলাদেশে নিয়ে আসার সময় হ্নীলা সীমান্ত ফাঁড়ির বিজিবি জওয়ানেরা হ্নীলা ইউনিয়নের লেদা গ্রামের পাঁচজন বাসিন্দা ও মিয়ানমারের মংডু এলাকার লাল ম্রেরু ঘোনা গ্রামের মো ইউনুচকে (৩৫) গ্রেপ্তার করে। ৭ সেপ্টেম্বর র‌্যাবের সদস্যরা এক হাজার ২০০টি ইয়াবা বড়িসহ টেকনাফ পৌর এলাকার চৌধুরীপাড়ার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন।২১ আগস্ট সদর ইউনিয়নের নাজিরপাড়া সীমান্ত দিয়ে পাচারকালে পুলিশ অক্সিকোন, ফেরোগেবিন, নাইসটাইম, রেস্টুবিট, হিস্টাসিনসহ বিভিন্ন ধরনের ৭৬ হাজার টাকার ওষুধ জব্দ করে। ১৭ আগস্ট একই এলাকা থেকে বিজিবি ১৯ হাজার ৭০০টি ইয়াবা বড়িসহ একজনকে গ্রেপ্তার করে। একই দিন টেকনাফ থেকে হ্নীলাগামী একটি গাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচ হাজার ১৬১টি ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। ২৯ জুন বিজিবি জওয়ানেরা সাবরাং বাজারের মেসার্স ফজল মেডিকেল হলে পাচারের জন্য মজুদ করা আনুমানিক চার লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ওষুধ জব্দ করেন। মিয়ানমার থেকে আসা মাদকদ্রব্য অভিনব কৌশলে কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে।মিয়ানমার সীমান্তবর্তী উপজেলা টেকনাফ একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত। নাম প্রকাশে অনিচ্ছুক টেকনাফের কয়েক ব্যক্তি জানান, ওষুধ পাচার ও মাদকদ্রব্য আনার জন্য উপজেলার সীমান্তবর্তী অন্তত ১৫টি চোরাই পথ ব্যবহার করা হচ্ছে। এই পথগুলো যেসব এলাকায় তৈরি করা হয়েছে সেগুলো হলো: হ্নীলার চৌধুরীপাড়া, লেদা, ওয়াব্রাং, মৌলভীবাজার, ঝিমংখালী, লম্বাবিল, উলুবনিয়া; টেকনাফের কেরুনতলি, নাইট্যংপাড়া, জালিয়াপাড়া, নাজিরপাড়া, মৌলভীপাড়া এবং সাবরাং ইউনিয়নের নয়াপাড়া, ঘোলাপাড়া ও মিস্ত্রিপাড়া।অভিযোগ উঠেছে, উপজেলার ওষুধের দোকানগুলো বাড়তি চাহিদা দেখিয়ে প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কাছ থেকে বিপুল ওষুধ কিনে মজুদ করে। আর সুযোগ বুঝে এ সব ওষুধ পাঠানো হচ্ছে মিয়ানমারে। বাংলাদেশের সীমানা ঘেঁষা মিয়ানমারের মংডু এলাকায় বাংলাদেশের ওষুধের চাহিদা অনেক বেশি। টেকনাফ স্থলবন্দরের শুল্ক বিভাগ সূত্র জানায়, ২০১০ সালে মিয়ানমারে ওষুধ রপ্তানি করে ২২ লাখ ৮৩ হাজার ৬৮৫ টাকার রাজস্ব পাওয়া যায়। কিন্তু চলতি বছর জানুয়ারি থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ওষুধ রপ্তানি করে মাত্র সাত লাখ ৮২ হাজার ২৮৫ টাকা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বর্তমানে বিপুল পরিমাণ ওষুধ চোরাই পথে মিয়ানমারে যাচ্ছে। ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান সম্প্রতি জানান, গত ১০ মাসে বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্যসহ ৬৪ পাচারকারীকে গ্রেপ্তার করে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের চোরাচালানবিরোধী অভিযান জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।জেলা প্রশাসক মো. জয়নুল বারী বলেন, জেলা আইনশৃঙ্খলা ও চোরাচালানবিরোধী সভায় পাচার রোধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।