মিয়ানমারে পাচারকালে চোরাই পণ্যসহ দুজন গ্রেপ্তার
মিয়ানমারে পাচার করার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে ভোজ্যতেল, ডিজেল, পেঁয়াজ, রসুন, চিনি ও ময়দা বোঝাই দুটি নৌকাসহ বিভিন্ন ধরনের চোরাই পণ্য জব্দ করেছে। এ সময় বিজিবি দুজন পাচারকারীকে গ্রেপ্তার করে।বিজিবি সূত্র জানায়, গতকাল শনিবার ভোররাতে শাহপরীর দ্বীপ বিওপির কোম্পানি কমান্ডার শাহাবুদ্দিনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ঘোলাপাড়া এলাকা দিয়ে মিয়ানমারে একটি নৌকায় ২৬৩ লিটার ভোজ্যতেল, ২১০ লিটার ডিজেল, ২১০ কেজি পেঁয়াজ, ১২০ কেজি রসুন পাচার করা হচ্ছিল। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা নৌকা ও মালামাল ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।অপরদিকে গত শুক্রবার ভোর রাতে নাফ নদীর হোয়াব্রাং ও মৌলভীবাজার সীমান্ত এলাকায় হ্নীলা বিওপির কোম্পানি কমান্ডার আবদুল হালিমের নেতৃত্বে বিজিবির জওয়ানেরা অভিযান চালায়। এ সময় ৫৫০ কেজি ময়দা, ৪৭২ কেজি রসুন, ১২৮ কেজি চিনি, ১৪০ লিটার ভোজ্যতেল বোঝাই একটি নৌকা আটক করা হয়। এ ঘটনায় ইউনিয়নের মুসলিমপাড়ার বাসিন্দা শামশুল আলম (২২) ও একই এলাকার শামশুদ্দিনকে (১৮) গ্রেপ্তার করা হয়। এ ছাড়া একই দিন হোয়াইক্যং বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ৮০ কেজি ময়দা, ২৩০ কেজি মটর, ১৭৪ লিটার ভোজ্যতেল জব্দ করে।৪২ বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, জব্দ করা চোরাই পণ্যগুলো শুল্ক বিভাগে জমা দেওয়ার পাশাপাশি গ্রেপ্তার করা ব্যক্তিদের থানায় সোপর্দ করা হয়েছে।