মিয়ানমারে পাচারকালে টেকনাফে ডিজেলসহ নৌকা জব্দ
কক্সবাজারের টেকনাফের ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের সদর বিওপির (চৌকির) জওয়ানেরা গতকাল শনিবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেলসহ একটি কাঠের নৌকা জব্দ করেছেন। জব্দ করা ডিজেল টেকনাফ শুল্ক বিভাগে জমা দেওয়া হয়েছে।(বিজিবি) টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান জানান, সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্টে বিজিবি টহল জোরদার করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির সদস্যদের দায়িত্ব পালনে আরও কঠোর হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জব্দ করা ডিজেল ও নৌকাটি টেকনাফ শুল্ক বিভাগে জমা দেওয়া হয়েছে বলে তিনি প্রথম আলোকে জানান।বিজিবি সূত্র জানায়, ১৯ মার্চ শনিবার ভোর পাঁচটায় দিকে টেকনাফ সদর বিওপির নায়েক সুবেদার জসিম উদ্দিনের নেতৃত্বে বিজিবির জওয়ানেরা নাফ নদের আড়াই নাম্বার সুইচ গেইট এলাকা দিয়ে মিয়ানমারে পাচারকালে একটি নৌকাসহ ৯ জারিকেন (গ্যালেন প্রতিটিতে ৮০ লিটার) ৭২০ লিটার ডিজেল জব্দ করেন। এ সময় পাচারকারীরা বিজিবি জওয়ানদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। টেকনাফ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রণজিৎ কুমার বড়ুয়া বলেন, ডিজেল পাচারের ঘটনায় বিজিবি বাদী হয়ে একটি মামলা রুজু করেছে।