মিয়ানমারে বিজিবি-বিজিপির সমন্বয় সভা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের মংডু শহরে আজ মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে সমন্বয় সভা হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ।
বিজিবি সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল করিম। মিয়ানমার প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বিজিপির ব্রিগেডিয়ার জেনারেল থিন কো কো।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ গতকাল সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, মঙ্গলবার (আজ) সকাল সাড়ে সাতটায় বিজিবির প্রতিনিধিদল কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের অভিবাসনকেন্দ্রের জেটি দিয়ে মিয়ানমার যাবে। বৈঠকে ইয়াবা ও মানব পাচার, অবৈধ অনুপ্রবেশ রোধসহ দুই দেশের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে।