মিয়ানমারে রোহিঙ্গারা এবার আটকের হুমকির মুখে
মিয়ানমার সরকার দেশটির সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের প্রায় ১১ লাখ মানুষের জন্য নতুন একটি পরিকল্পনার খসড়া তৈরি করেছে। এটি বাস্তবায়িত হলে রোহিঙ্গাদের জাতিগত বিভেদ মেনে নিয়ে নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়ায় যেতে হবে অথবা আটকাবস্থায় থাকতে হবে। খবর রয়টার্সের।
রোহিঙ্গাদের অধিকাংশই মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে পৃথকভাবে বসবাস করছে। সেখানে রাখাইন বৌদ্ধদের সঙ্গে ভয়াবহ জাতিগত সহিংসতায় ২০১২ সালে এক লাখ ৪০ হাজার মানুষ বাড়িছাড়া হয়, যাদের বেশির ভাগই রোহিঙ্গা সম্প্রদায়ের।
সরকারের নতুন পরিকল্পনার খসড়াটি রয়টার্সের কাছে এসেছে। এতে প্রস্তাব করা হয়েছে, যাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র নেই এবং যারা ‘বাঙালি’ হিসেবে নথিভুক্ত হতে চায় না, তাদের জন্য রাখাইন কর্তৃপক্ষ অস্থায়ী শিবির নির্মাণ করবে।
মিয়ানমারের কর্তৃপক্ষ রোহিঙ্গাদের সেখানকার নাগরিক হিসেবে স্বীকার করে না এবং তারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছে বলে দাবি করে থাকে। মিয়ানমারে বিগত সময়ে সংঘটিত ব্যাপক সহিংসতায় রোহিঙ্গাদের অনেকের কাগজপত্র হারিয়ে গেছে, অথবা তারা ‘বাঙালি’ হিসেবে নথিভুক্ত হতে রাজি হয়নি। সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী, তাদের এখন ‘বাঙালি’ পরিচয় স্বীকার করে নিতে হবে অথবা অস্থায়ী শিবিরে আটকাবস্থায় থাকতে হবে।
মিয়ানমারে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা এবং জাতিগত বিরোধ ও উত্তেজনা প্রতিরোধ করাই খসড়া পরিকল্পনাটির লক্ষ্য বলে দাবি করা হচ্ছে। এ ছাড়া এটি নাগরিকত্ব যাচাইয়ের মধ্য দিয়ে দেশহীনতার সমস্যা সমাধান এবং অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করবে বলেও উল্লেখ করা হয়েছে।