মিয়ানমারে রোহিঙ্গা হত্যা ও নির্যাতনের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে রোহিঙ্গাদের নির্বিচারে হত্যার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার নোয়াখালী এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মানববন্ধন হয়েছে। সমাবেশে বক্তারা এই হত্যাকাণ্ড বন্ধে আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসার আহ্বান জানান।

গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নোয়াখালী জেলা শাখা এ মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি সুধীর সাহা, সাধারণ সম্পাদক বিনয় কিশোর রায়, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি মাখন লাল দাস, সাধারণ সম্পাদক কিশোর শীল প্রমুখ। পরে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

একই দাবিতে গতকাল নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলাতে সকালের নোয়াখালী পাঠক ফোরাম ও শিক্ষাবার্তা ডটকম নামের অনলাইনভিত্তিক দুটি সংগঠন মানববন্ধন ও সমাবেশ করেছে।

এদিকে মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে গতকাল স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের নিকেতনে মানববন্ধনের আয়োজন করে আল কুরআন এডুকেশনাল একাডেমি। মরিয়ম নগর চৌমুহনী-রাণীর হাট ডিসি সড়কের পাশে মানববন্ধনে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা অংশ নেন।

(প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছে নোয়াখালী অফিস ও রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি)