মিয়ানমারে সংঘটিত সহিংসতার নিন্দা বৌদ্ধ নেতাদের
মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘটিত নিষ্ঠুরতা, বর্বরতাকে বুদ্ধের মহান মানবতাবাদী আদর্শবিরোধী একটি তৎপরতা বলে মন্তব্য করে বিবৃতি দিয়েছন বাংলাদেশ বৌদ্ধ সমিতির নেতারা। গতকাল গণমাধ্যমে পাঠানো এই বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায় অত্যন্ত উদ্বেগ ও উৎকণ্ঠার সঙ্গে পর্যবেক্ষণ করছে যে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গারা নির্মম নির্যাতন ও নিষ্ঠুরতার শিকার হচ্ছে। এর ফলে রোহিঙ্গারা তাদের বাসস্থান ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। অনেকে অস্বাভাবিক মৃত্যুর সম্মুখীন হচ্ছে। নিরপরাধ শিশু, মহিলা এবং নিরীহ মানুষের জীবন অনিশ্চিত অবস্থায় পতিত হচ্ছে।’
বিবৃতিদাতারা মিয়ানমারের ঘটনার নিন্দা জানিয়ে এই সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য জাতিসংঘ মহাসচিবের হস্তক্ষেপ কামনা করেন। বিবৃতিতে স্বাক্ষর করেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া, মহাসচিব সুদীপ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের যুগ্ম মহাসচিব প্রফেসর বিকিরণ প্রসাদ বড়ুয়া, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি অজিতানন্দ মহাথের, মহাসচিব এস লোকজিত থের, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সুনন্দপ্রিয় মহাথের, মহাসচিব বোধিমিত্র মহাথের, বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের সভাপতি মৃগাংক প্রসাদ বড়ুয়া, মহাসচিব তুষার কান্তি বড়ুয়া, বুদ্ধজ্যোতি আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুয়া, মহাসচিব উদয়ন বড়ুয়া প্রমুখ।