মিয়ানমারে সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোমবার বিকেল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় কর্মরত এশিয়ার কূটনীতিকদের সঙ্গে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ব্রিফিংয়ের পরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। ছবি: ফোকাস বাংলা
সোমবার বিকেল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় কর্মরত এশিয়ার কূটনীতিকদের সঙ্গে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ব্রিফিংয়ের পরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। ছবি: ফোকাস বাংলা

রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে আসা বন্ধ করতে অবিলম্বে মিয়ানমারের রাজ্যটিতে সহিংসতা বন্ধ করতে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এ ছাড়া রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের জন্য দ্রুত আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের ওপর বাংলাদেশ জোর দিয়েছে।

আজ সোমবার বিকেল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় কর্মরত এশিয়ার কূটনীতিকদের সঙ্গে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ অনুরোধ জানান।

ব্রিফিংয়ের পরপর পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বলেন, উপস্থিত কূটনীতিকদের সবাই একবাক্যে স্বীকার করেছেন, রোহিঙ্গারা আসার কারণে বাংলাদেশ যে বাড়তি চাপ নিয়েছে, সেটি অত্যন্ত প্রশংসনীয়। মানবিক এই সংকটে সব দেশই বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। তিনি জানান, রোহিঙ্গাদের নিয়ে সর্বশেষ কী পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেটি দেখাতে বুধবার ঢাকায় কর্মরত বিদেশ কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কক্সবাজার নেওয়া হচ্ছে।

ভারত ও চীনের কূটনীতিকেরা এই সহযোগিতার ব্যাপারে কী বলেছে জানতে চাইলে সচিব বলেন, ‘ভারত ও চীন দুটিই আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ। অতীতের মতো এবারও তারা আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে এবং এই সমস্যার সমাধানে আমাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।’

গতকাল রোববার কূটনীতিকদের আলোচনায় কয়েক হাজার রোহিঙ্গার প্রাণহানিকে গণহত্যা বলা হয়েছে। বাংলাদেশ গণহত্যার বিচার চাইবে কি না, জানতে চাইলে মো. শহীদুল হক বলেন, এ বিষয়টি যখন আসবে, তখন দেখা যাবে।

রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারের অবস্থান কী, জানতে চাইলে বলেন, এখন পর্যন্ত মিয়ানমারের দিক থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। আজকের ব্রিফিংয়ে মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানানো হয়নি।