মিয়ানমারে সহিংসতায় ইন্ধনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রাখাইন প্রদেশে সাম্প্রতিক সহিংসতায় বাংলাদেশের রাজনৈতিক কোনো সংগঠনের ইন্ধন ছিল কি না, তা খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তাকারী হিসেবে রোহিঙ্গাদের তিনটি সংগঠনের কার্যক্রম খতিয়ে দেখারও নির্দেশ দেওয়া হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত সোমবার এসব নির্দেশ দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। রোহিঙ্গাদের ওই তিনটি সংগঠন হচ্ছে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও), আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশন (এআরএনও) এবং রাখাইন সোলজার আইভি অর্গানাইজেশন (আরএসও)।রাখাইন প্রদেশে ওই সহিংসতা চলাকালে গত জুন মাসে মিয়ানমার সরকার অভিযোগ করেছিল, বাংলাদেশ থেকে এআরএনএ এবং আরএসওর কিছু সশস্ত্র ব্যক্তি সেখানে গিয়ে সহিংসতায় ইন্ধন জুগিয়েছে। মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে তখন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এ অভিযোগ করা হয়েছিল। এ ছাড়া বাংলাদেশের কোনো কোনো রাজনৈতিক মহল রাখাইন মুসলিমদের পৃষ্ঠপোষকতা করছে বলেও রাষ্ট্রদূতকে জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস ওই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া এক চিঠিতে ওই দুটি সংগঠন নিষিদ্ধ করার সুপারিশ করেন।এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মুশতাক আহমেদ প্রথম আলোকে বলেন, এসব সংগঠনের বিষয়ে তদন্ত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে পৃষ্ঠপোষকতা প্রমাণ হলে সংগঠনগুলোকে নিষিদ্ধ করা হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মিয়ানমারের ওই ঘটনায় রাজনৈতিক কোনো সংগঠনের ইন্ধন ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, পররাষ্ট্রসচিবের ওই চিঠিতে রাখাইন প্রদেশের ঘটনার গুরুত্ব বিবেচনায় এ ধরনের ঘটনা রোধে পাঁচটি পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়। এর মধ্যে রয়েছে: বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তায় কঠোরভাবে রোধ করা, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত নিশ্ছিদ্রভাবে বন্ধ করা এবং এ উদ্দেশ্যে উভয় দেশের সীমান্তের স্থলভাগে অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া, নাফ নদী ও সমুদ্র সীমান্তে টহল সর্বোচ্চ মাত্রায় জোরদার করা, এই সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের তাৎক্ষণিক গ্রেপ্তারের জন্য স্থানীয় আইন প্রয়োগকারীদের নির্দেশ দেওয়া।কক্সবাজারের জেলা প্রশাসকের প্রতিবেদন: এদিকে কক্সবাজারের জেলা প্রশাসক রোহিঙ্গা শরণার্থী এবং সাম্প্রতিক বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক প্রতিবেদনে জানান, রোহিঙ্গাদের সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) সখ্য রয়েছে। সংগঠনটি মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে অর্থ সংগ্রহ করে কার্যক্রম চালাচ্ছে। কক্সবাজার এলাকায় এই সংগঠনের অনেক প্রভাবশালী নেতা রয়েছেন। তাঁরা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণে বিপুল অর্থ দেন।প্রতিবেদনে আরও বলা হয়, রোহিঙ্গাদের অনেকেই কোনো বিশেষ রাজনৈতিক দল বা গোষ্ঠীর ভোটব্যাংক হিসেবে কাজ করে এবং স্থানীয় রাজনীতিতে নেতিবাচক প্রভাব সৃষ্টি করে। অবৈধ রোহিঙ্গাদের অনেকেই কৌশলে এ দেশের নাগরিককে বিয়ে করে স্থানীয় জনগণের সঙ্গে মিশে যাচ্ছে। অবৈধভাবে অবস্থানকারী রোহিঙ্গারা ব্যাপকভাবে বন থেকে কাঠ আহরণ করায় বন ধ্বংস হচ্ছে। এ ছাড়া পাহাড়-বন কেটে রোহিঙ্গারা অবৈধ আবাস তৈরি করে পরিবেশ ধ্বংস করছে। এ প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগেও পাঠানো হয়েছে।জানতে চাইলে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী প্রথম আলোকে বলেন, ‘এসব সংগঠন প্রকাশ্যে কাজ করে না। যে কারণে তাদের বিষয়ে আমরা বেশি কিছু জানতে পারি না। তবে রোহিঙ্গাদের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, তা গোয়েন্দাদের প্রতিবেদন থেকেই।’ তিনি বলেন, ‘এসব সংগঠন নিষিদ্ধ না করার কারণে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারছি না।’সংযোগ সড়ক করার উদ্যোগ: মিয়ানমার সীমান্তে বিজিবির টহল বৃদ্ধি ও যাতায়াতের সুবিধার জন্য সীমান্তে সংযোগ সড়ক করার উদ্যোগ নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে ২৭১ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে স্থলপথ ২০০ কিলোমিটার, বাকিটা জলপথ। সীমান্তের সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়নের পর সীমান্তে চৌকির সংখ্যা বাড়ানোসহ বিশেষ চৌকি বসানো হবে। ইতিমধ্যে সীমান্ত এলাকায় রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল জোরদার ও জনবল বাড়ানো হয়েছে।