মিয়ানমারে সাজা খাটা ১৬ বাংলাদেশি দেশে এল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা খাটা ১৬ বাংলাদেশি নাগরিককে ফেরত আনা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় মিয়ানমারের মংডুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সে দেশের অভিবাসন বিভাগের মধ্যে বৈঠক হয়। পরে তাঁদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
গতকাল সকালে ১৭ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল মিয়ানমার যায়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন টেকনাফ ৪২ বর্ডার গার্ডের উপপরিচালক ও প্রতিনিধিদলের প্রধান ক্যাপ্টেন মো. আজাহারুল আলম।
কক্সবাজার জেলা প্রশাসকের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহামিদা মুস্তাফা ও পুলিশ সুপারের পক্ষে টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেনও প্রতিনিধিদলে ছিলেন। মিয়ানমারের পক্ষে ১৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মিয়ানমার অভিবাসন বিভাগের সহকারী পরিচালক ইউ মিউ মিং অং।
টেকনাফ সীমান্ত ফাঁড়িতে সাংবাদিকদের ৪২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবদুল হান্নান খান বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে ১৬ বাংলাদেশি নাগরিককে ফেরত আনা হয়েছে। তাঁরা সবাই কক্সবাজার জেলার বাসিন্দা। এঁদের মধ্যে চকরিয়ার দুজন, উখিয়ার একজন ও টেকনাফের ১৩ জন। ফেরত আসা ব্যক্তিরা মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা খাটেন। তাঁদের টেকনাফ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মিয়ানমার কারাগারে থাকা লোকজনকে ফেরত আনার ব্যাপারে সরকার কাজ করে যাচ্ছে।
ক্যাপ্টেন মো. আজাহারুল আলম বলেন, পতাকা বৈঠকে দুই দেশে সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আরও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া রোহিঙ্গা অনুপ্রবেশ, মাদক, চোরাচালানের প্রতিরোধসহ যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করার বিষয়ে দুই দেশ একমত হয়েছে।
২০ বছর সাজা খাটা সাবরাং নয়াপাড়ার জাগির হোসেন বলেন, ১৯৯৫ সালের জুন মাসে নাফ নদীতে দুই জেলের সঙ্গে তিনি মাছ শিকারে যান। ওই দিন রাতে বাংলাদেশ জলসীমা থেকে তাঁকে ধরে নিয়ে যায় সে দেশের বাহিনী। পরে সেখানে তাঁকে ২০ বছরের সাজা দেওয়া হয়। অন্য দুজনের সাজা আগেই শেষ হয়ে যায়।
শাহপরীর দ্বীপের নুরুল আলম বলেন, ২০১২ সালের ডিসেম্বর মাসের প্রথম দিকে মানব পাচারকারীদের খপ্পরে পড়ে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় মিয়ানমার নৌবাহিনী তাঁকে আটক করে। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন বলেন, সাজা শেষে ফেরত আনা ব্যক্তিদের প্রত্যেককে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।