মিয়ানমারে সাজা খেটে দেশে ফিরলেন তিন বাংলাদেশি
মিয়ানমারের কারাগারে সাজা খাটা শেষে তিন বাংলাদেশি দেশে ফিরেছেন। গতকাল রোববার মিয়ানমার কর্তৃপক্ষ তাঁদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে।
বিজিবি সূত্র জানায়, মিয়ানমারের মংডু শহরে গতকাল বিজিবি ও মিয়ানমারের মংডু অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়। এরপর তিন বাংলাদেশিকে হস্তান্তর করা হয়। বৈঠকে বিজিবির ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন টেকনাফের ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী। তাঁদের দুপুরে টেকনাফ ফেরত এনে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, দেশে ফেরত আনা তিনজন হলেন বরগুনার তালতলা এলাকার আবদুর রব গাজী (৪৫), কক্সবাজারের উখিয়ার দরগাহবিলের আবুল কালাম (৪০) ও টেকনাফের হ্নীলার লেদা গ্রামের মো. সালেহ আহমদ (৪২)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার বলেন, তিনজনকে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বরগুনার আবদুর রব গাজী বলেন, মানব পাচার চক্রের খপ্পরে পড়ে ২০১১ সালের ৫ এপ্রিল তাঁরা সমুদ্রপথে ট্রলারে করে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন। সেন্ট মার্টিনের পূর্ব-দক্ষিণ বঙ্গোপসাগরে তাঁদের ট্রলারটি বিকল হয়ে যায়। ট্রলারে তিনিসহ ৮৬ জন যাত্রী ছিলেন। সাত দিন সাগরে ভাসমান থাকার পর মিয়ানমার নৌবাহিনী তাঁদের আটক করে। পরে তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। তাঁর দাবি, মিয়ানমারের কারাগারে শতাধিক বাংলাদেশি বন্দী রয়েছেন। তাঁদের মধ্যে বেশির ভাগই মালয়েশিয়াগামী যাত্রী।
২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, সম্প্রতি মিয়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশি তিনজন বন্দীর একটি তালিকা বিজিবির কাছে পাঠায়। তালিকাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর পর যাচাই-বাছাই করে ওই তিনজনকে দেশে ফেরত আনার অনুমতি দেওয়া হয়। তিনি জানান, আবদুর রব গাজী ও আবুল কালামের পাঁচ বছর করে এবং মো. সালেহ আহমদের সাড়ে চার বছর সাজা হয়েছিল।