মিয়ানমারে সাজা শেষে ফিরলেন তিন বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের কারাগারে সাজা ভোগ শেষে দেশে ফিরেছেন তিনজন বাংলাদেশি। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের জাতীয় অভিবাসন সংস্থার মধ্যে আজ রোববার পতাকা বৈঠক শেষে তাঁদের ফেরত দেওয়া হয়। 

ফেরত আসা ওই তিন ব্যক্তি হলেন: বরগুনার তালতলা এলাকার সানু গাজীর ছেলে আবদুর রব গাজী (৪৫), কক্সবাজারের উখিয়ার দরগাহবিলের মো. কালুর ছেলে আবুল কালাম (৪০) ও টেকনাফের হ্নীলার লেদা গ্রামের মো. সুলতান আহমদের ছেলে মো. সালেহ আহমদ (৪২)।
আবদুর রব গাজী বলেন, ২০১১ সালের ৫ এপ্রিল তিনি মানবপাচার চক্রের খপ্পরে পড়ে সমুদ্রপথে মালয়েশিয়া যাচ্ছিলেন। সেন্ট মার্টিনের পূর্ব-দক্ষিণ বঙ্গোপসাগরে ৮৬ জন যাত্রীসহ ট্রলারটি বিকল হয়ে যায়। সাত দিন সাগরে ভাসমান থাকার পর মিয়ানমার নৌবাহিনী তাঁদের আটক করে। পরে তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। তিনি আরও বলেন, মিয়ানমারের বুচিদং ও আকিয়াব কারাগারে আরও শতাধিক বাংলাদেশি নাগরিক বন্দী আছেন। তাঁদের মধ্যে বেশির ভাগই মালয়েশিয়াগামী যাত্রী।
৪২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী বলেন, সম্প্রতি মিয়ানমার কর্তৃপক্ষÿবাংলাদেশি তিনজন বন্দীর একটি তালিকা বিজিবির কাছে পাঠায়। তালিকাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর পর যাচাই-বাছাই করে ওই তিনজনকে দেশে ফেরত আনার অনুমতি দেওয়া হয়।
বিজিবি সূত্র জানায়, মিয়ানমারের মংডু শহরে আজ অনুষ্ঠিত বৈঠকে বিজিবির ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মেজর আবু রাসেল সিদ্দিকী। মিয়ানমারের পক্ষে ১২ সদস্যের নেতৃত্বে ছিলেন মংডু অভিবাসন কেন্দ্রের কর্মকর্তা উ মে থিন অং। বৈঠক শেষে সাজা ভোগ করা ওই তিনজনকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। দুপুরে তাঁদের টেকনাফে ফেরত এনে পুলিশে সোপর্দ করা হয়। এর আগে সকাল নয়টার দিকে বাংলাদেশি প্রতিনিধি দলটি স্পিডবোট যোগে টেকনাফ সদর চৌকি থেকে মিয়ানমারের উদ্দেশে রওনা দেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার বলেন, মিয়ানমারের কারাগারে সাজা ভোগ করা তিনজনের নাগরিকত্ব যাচাই-বাছাই করার পর তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।