মিয়ানমারে হাসিনা-মনমোহন বৈঠক হচ্ছে
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আগামী মঙ্গলবার মিয়ানমারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। মিয়ানমারের রাজধানী নেপিডোয় দক্ষিণ এশিয়ার সাত দেশের সংগঠন ‘বিমসটেক’-এর শীর্ষ সম্মেলনের এক ফাঁকে তাঁদের বৈঠক হবে।
প্রধানমন্ত্রী মনমোহনের এটি শেষ বিদেশ সফর। অন্যদিকে দশম জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার এটিই প্রথম বিদেশ সফর।
সম্মেলনে বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও ভুটানের শীর্ষস্থানীয় নেতারা যোগ দিচ্ছেন।
ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিং গতকাল নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশ ও ভারতের স্বার্থসংশ্লিষ্ট অমীমাংসিত সব বিষয়ে দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সীমান্ত বিল ও তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে মনমোহন সরকার কতটা ঐকমত্যে পৌঁছাতে পেরেছে, বৈঠকে তা হাসিনাকে জানাবেন মনমোহন। এ ছাড়া স্থলবন্দরের পরিকাঠামো বৃদ্ধি ও সীমান্ত হাটের সংখ্যা বাড়ানোর সর্বশেষ অগ্রগতি নিয়েও দুই প্রধানমন্ত্রীর কথা হবে। নির্বাচন-পরবর্তী বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা এখনো অব্যাহত থাকায় ভারতের উদ্বেগের কথাও জানাবেন মনমোহন।