মিয়ানমারের আচরণ মানবতাবিরোধী অপরাধের শামিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। স্বজনদের হত্যা করা হয়েছে চোখের সামনে। প্রাণে বাঁচতে সীমান্তের দিকে পাড়ি জমাচ্ছে দুর্গম জল-স্থলপথ দিয়ে। রয়েছে ডুবে যাওয়া, অসুস্থ হয়ে মারা যাওয়া এবং সেনাবাহিনীর হাতে ধরা পড়ার আশঙ্কা। তবু তারা ছুটেছে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে সাময়িক আশ্রয়ের জন্য।

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতনের এমন বর্ণনা দিয়েছেন মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক বিশেষ দূত ইয়াংঘি লি। গত সোমবার মার্কিন গণমাধ্যম প্রতিষ্ঠান সিএনএনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি রোহিঙ্গাদের অসহায়ত্ব তুলে ধরেন। ইয়াংঘি লি এবার স্পষ্ট করেই বললেন, সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার যে আচরণ করছে তা ‘মানবতাবিরোধী অপরাধের শামিল’।

>সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক বিশেষ দূত ইয়াংঘি লি

জাতিসংঘের এই বিশেষ দূত সম্প্রতি কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। পালিয়ে আসা এবং শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। এ ছাড়া মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্য পরিদর্শন করেন তিনি। সেখানেই রোহিঙ্গা মুসলমানদের ওপর নিপীড়ন চালাচ্ছে মিয়ানমারের সামরিক বাহিনী।
ইয়াংঘি লি সিএনএনকে বলেন, ‘যখন ৭৭ হাজার মানুষ তাদের জন্মভূমি থেকে পালিয়ে যায় সবকিছু পেছনে ফেলে, তখন বিশ্ব সম্প্রদায়কে অবশ্যই এগিয়ে আসতে হবে।’ তিনি বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের বয়স্ক লোকজন আমার সঙ্গে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন। তাঁরা আমার সামনে বর্ণনা করছিলেন, কীভাবে তাঁদের চোখের সামনে পুরো পরিবারকে হত্যা করা হয়। এই মর্মন্তুদ বর্ণনা আমাকে নাড়া দিয়েছে।’
আগে থেকে রোহিঙ্গারা ‘পদ্ধতিগতভাবেই’ বৈষম্যের শিকার হচ্ছিলেন মন্তব্য করে ইয়াংঘি লি বলেন, এটা মিয়ানমার কর্তৃপক্ষের নীতিগত সিদ্ধান্ত। এর থেকেই ২০১২, ২০১৪ এবং গত অক্টোবরের সহিংসতার সূত্রপাত। সম্প্রতি যে নির্যাতন হয়েছে, তা মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ‘পদ্ধতিগতভাবেই’ করেছে। সেটা রোহিঙ্গা নির্মূল অভিযান।
গত বছরের অক্টোবরে মিয়ানমার সীমান্তে একটি নিরাপত্তাচৌকিতে হামলার পর রাখাইন রাজ্যে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এরপর জাতিসংঘসহ মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করে আসছে যে রাখাইন রাজ্যের শত শত রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে, নারী ও শিশুরা ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হচ্ছে, রোহিঙ্গাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, প্রাণ বাঁচাতে ৭০ হাজারেরও বেশি রোহিঙ্গা গত কয়েক মাসে বাংলাদেশে পালিয়ে এসেছে।