মিয়ানমারের আটক ৯২ জেলেকে থানায় হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগর থেকে আটক মিয়ানমারের ৯২ জন জেলেকে গতকাল বুধবার পুলিশের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনী।
গত মঙ্গলবার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগর থেকে ১২টি মাছ ধরা ট্রলারসহ মিয়ানমারের ওই ৯২ জন জেলেকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী। মিয়ানমারের ওই জেলেরা অবৈধভাবে বাংলাদেশের সমুদ্রসীমায় প্রবেশ করে মাছ ধরছিলেন।
নৌবাহিনীর বানৌজা ধলেশ্বরী জাহাজের উপ-অধিনায়ক কমান্ডার মো. সাজ্জাদ হোসাইন সাংবাদিকদের বলেন, আটক জেলেরা মিয়ানমারের বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে স্বীকার করেছেন। তিনি জানান, ট্রলার থেকে ২৪ হাজার কেজি বিভিন্ন ধরনের মাছ ও প্রচুর জাল জব্দ করে শুল্ক বিভাগে জমা দেওয়া হয়েছে। আটক ট্রলার, জাল ও মাছের আনুমানিক মূল্য ১০ কোটি ৮০ লাখ টাকা।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার প্রথম আলোকে বলেন, আটক জেলেদের থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।