মিয়ানমারের আটকে পড়া ১২৭ নাগরিক দেশে ফিরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে আটকে পড়া মিয়ানমারের ১২৭ জন নাগরিককে গত দুদিনে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের জেটি দিয়ে ট্রলারযোগে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।
৯ অক্টোবর মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্তের কাছে রক্ষীদের তিনটি ছাউনিতে হামলার জের ধরে সেদিন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমারে পণ্য রপ্তানি ও সে দেশ থেকে আমদানি বন্ধ রয়েছে। বন্ধ আছে বর্ডার পাসের মাধ্যমে যাত্রী পারাপারও। এতে মিয়ানমারের বেশ কিছু নাগরিক বাংলাদেশে আটকা পড়েন।
টেকনাফ স্থলবন্দর সূত্র জানায়, গত বুধবার বিকেলে একটি ট্রলারে করে ২৭ জনকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়। আর গতকাল বৃহস্পতিবার বিকেলে দুটি ট্রলারযোগে পাঠানো হয় ১০০ জনকে।
টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ডপোর্ট লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) আবু নূর খালিদ বলেন, গত রোববার সকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত মিয়ানমার থেকে পণ্যবাহী কোনো ট্রলার স্থলবন্দরে আসেনি, বাংলাদেশ থেকেও যায়নি। বর্ডার পাস নিয়ে যাতায়াতও বন্ধ আছে। তিনি জানান, মিয়ানমারের আটকে পড়া ১২৭ জন নাগরিক দুদিনে তিনটি ট্রলারে করে দেশে ফেরত গেছেন।