মিয়ানমারের ইলিশ হয়ে গেল পদ্মার
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে অসাধু ব্যবসায়ীরা মিয়ানমার থেকে ইলিশ এনে তা পদ্মার ইলিশ বলে বিক্রি করছেন। দাম কম হওয়ায় বেশ বিক্রিও হচ্ছে। তবে ব্যবসায়ীরা কম দামে দেদার বিক্রি করতে পারলেও এতে প্রতারিত হচ্ছেন ক্রেতারা।
ফেরিঘাট এলাকায় পদ্মার ইলিশ কিনতে আসা ফরিদপুরের অম্বিকাপুর এলাকার ব্যবসায়ী মাহাবুব হোসেন বলেন, ‘ঢাকায় বোনের বাসায় বৈশাখ পালন করতে পদ্মার ইলিশ নিতে বলেছে। তাই বাজারে না গিয়ে ফেরিঘাটে এলাম। কিন্তু অবাক বিষয়, বাজারের তুলনায় ঘাটে মাছের দাম অনেক কম।
হকাররা ঝুড়িতে সাজিয়ে রাখা সর্বোচ্চ ৫০০ গ্রাম ওজনের ছয়টি ইলিশের দাম হাঁকলেন দুই হাজার ২০০ টাকা। পরে এক হাজার ৬০০ টাকায় কিনলাম। অথচ বাজার থেকে একই ওজনের ছয়টি পদ্মার ইলিশ কিনতে হলে কমপক্ষে তিন হাজার টাকা লাগত।’
ঘাটের কয়েকজন মাছ ব্যবসায়ী জানান, তাঁরা হিমায়িত ইলিশ মিয়ানমার থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আনেন। সেখান থেকে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের ব্যবসায়ীরা এনে স্থানীয়ভাবে আড়তে রেখে প্রক্রিয়াজাত করে চকচকে করেন। পরে এগুলো পদ্মার ইলিশ বলে ঘাট এলাকায় যাত্রীদের কাছে বিক্রি করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মাছ ব্যবসায়ী জানান, ৫০০ গ্রাম ওজনের পদ্মার ইলিশ প্রায় এক হাজার ও ৮০০ গ্রাম বা এক কেজি ওজনের কমপক্ষে দেড় হাজার টাকায় কিনে আরও বেশি দামে বিক্রি করতে হয়। সেখানে তাঁরা ৫০০-৬০০ গ্রাম ওজনের মিয়ানমারের ইলিশ ৪৫০ টাকা ও এক কেজি ওজনের ইলিশ ৭৫০-৯০০ টাকায় কেনেন। এ কারণে তাঁরা ওই ইলিশ কম দামে বিক্রি করতে পারেন।
গতকাল রোববার ফেরিঘাট থেকে একটু দূরে দুটি ছাপরা ঘরে গিয়ে দেখা যায়, কয়েকজন যুবক বাক্স থেকে পলিথিনভর্তি ৪০০-৫০০ গ্রাম ওজনের ইলিশ মাছ বের করে চটের ওপর সাজিয়ে রাখছেন। কিছুক্ষণ পর মাছের ওপর বরফ ও লবণ ছিটিয়ে দেওয়া হচ্ছে। তাঁরা আরও জানান, পয়লা বৈশাখ উপলক্ষে বাজারে ইলিশের চাহিদা বেড়েছে। সারা দিন পদ্মা নদীতে ঘুরে সর্বোচ্চ ৮০ থেকে ১০০টি ইলিশ পাওয়া যায়। ওই ইলিশের দামও বেশি। তাই মিয়ানমার থেকে কম দামে এনে তাঁরা এখানে ইলিশ বিক্রি করছেন।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম লুৎফর রহমান বলেন, ‘এ ধরনের প্রতারণার অভিযোগ আমরাও শুনেছি। কিন্তু এটি আমাদের নয়, পুলিশ প্রশাসনের দেখার বিষয়।’