মিয়ানমারের ওপর চাপ রাখতে বলছে বাংলাদেশ

রোহিঙ্গা সমস্যা নিয়ে মিয়ানমারের মন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার এক সপ্তাহ পরও রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতা থামেনি। ফলে রাখাইন রাজ্যের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বাংলাদেশে আসার ঢল অব্যাহত আছে। তাই রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে বলেছে বাংলাদেশ।
গতকাল সোমবার ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ অনুরোধ জানান।
২৮ দেশের কূটনীতিকদের এই ব্রিফিংয়ের শুরুতে মাহমুদ আলী সর্বশেষ পরিস্থিতি ব্যাখ্যা করে বক্তৃতা দেন। এরপর বিভিন্ন দেশের কূটনীতিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। প্রায় সাত সপ্তাহ আগে মিয়ানমারে সেনাবাহিনী এই অভিযান শুরু করে।
ব্রিফিং শেষে বাংলাদেশের কূটনীতিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সমস্যা সমাধানে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের আলোচনা কোন পর্যায়ে আছে, সেটি কূটনীতিকদের জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি তাঁদের বলেন, দ্বিপক্ষীয় প্রক্রিয়াকে ফলপ্রসূ করতে হলে সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের পদক্ষেপগুলো জারি রাখতে হবে।
পররাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে কূটনীতিকেরা প্রথম আলোকে জানান, দুঃখজনক হলেও সত্যি, সমস্যা সমাধানে বাংলাদেশের প্রস্তাব, বৈশ্বিক সমালোচনার পরও রাখাইনে রোহিঙ্গাদের ওপর নৃশংসতা থামছে না। ফলে রোহিঙ্গাদের বাংলাদেশে আসার ঢল অব্যাহত আছে। রাখাইনে নারী, শিশু ও বয়স্করা এখনো নির্যাতিত হচ্ছেন এবং তাঁদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। শুধু তা-ই নয়, সেখানে এখনো ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। গত ১০ দিনেও ৪০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। আর ২৫ আগস্ট থেকে গত রোববার পর্যন্ত এ সংখ্যা এখন ৫ লাখ ২০ হাজার। হত্যা, ধর্ষণ, নির্যাতন, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়াসহ ভয়ভীতি ইত্যাদি কারণে রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে রোহিঙ্গারা। নতুন-পুরোনো আর নিবন্ধিত শরণার্থী মিলিয়ে বাংলাদেশে এখন ৯ লাখ ৩৭ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।
মিয়ানমারের স্টেট কাউন্সিলরের দপ্তরের মন্ত্রী চ টিন্ট সোয়ে ২ অক্টোবর ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করেন। ওই আলোচনার প্রসঙ্গ টেনে মাহমুদ আলী কূটনীতিকদের জানান, চ টিন্ট সোয়ে
প্রস্তাব দিয়েছেন, ২০১৬ সালের অক্টোবরের পরে যারা রাখাইন থেকে বাংলাদেশে এসেছে, পরিচয় যাচাই শেষে মিয়ানমার তাদের ফিরিয়ে নেবে। রাখাইনের রোহিঙ্গাদের নাগরিকত্ব যাচাইয়ের ক্ষেত্রে ১৯৯২ সালের যৌথ বিবৃতিকে ভিত্তি হিসেবে গ্রহণের প্রস্তাব দেন মিয়ানমারের মন্ত্রী। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে তাঁকে বলা হয়, যেসব রোহিঙ্গা বাংলাদেশে এসেছে তাদের বেশির ভাগেরই বাড়িঘর পুড়ে গেছে এবং অধিকাংশ লোকের কাছেই কোনো কাগজপত্র নেই। এ ছাড়া মিয়ানমার কর্তৃপক্ষ নিজেই বলেছে, অর্ধেক রোহিঙ্গার বাড়িঘর পুড়ে গেছে। বাংলাদেশ মনে করে, ১৯৯২ সালের পরিস্থিতি আর এবারের পরিস্থিতি এক নয়। তেমনি চ্যালেঞ্জও আলাদা। তাই ১৯৯২ সালের সমঝোতা অনুযায়ী রোহিঙ্গাদের ফেরত পাঠানো এখন বাস্তবসম্মত নয়।
পররাষ্ট্রমন্ত্রী কূটনীতিকদের জানান, রোহিঙ্গাদের কাছে কোনো কাগজ নেই। তাই কোনো রোহিঙ্গা যদি তাদের বাড়ির ঠিকানা বলতে পারে, পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে সেটাই মানদণ্ড হওয়া উচিত। এ ছাড়া এ ক্ষেত্রে যৌথ যাচাই এবং সম্ভব হলে মিয়ানমারকে আন্তর্জাতিক সংস্থার সাহায্য নেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শেষ করতে একটি নতুন সমঝোতার প্রয়োজন। তাই মিয়ানমারকে এ বিষয়ে একটি খসড়া প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রস্তাবিত ওই খসড়ায় বলা হয়েছে, ১৯৭৮-৭৯ এবং ১৯৯২-৯৩ সালের সমঝোতাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করা যেতে পারে।
কূটনীতিকদের বলা হয়েছে, বাংলাদেশের দেওয়া প্রস্তাবে যৌথভাবে রোহিঙ্গাদের পরিচয় যাচাই, সব রোহিঙ্গাকে ফেরত, ফেরত নেওয়ার পর রোহিঙ্গাদের তাদের বাড়িতে থাকার সুযোগ নিশ্চিত করা এবং কোনোভাবেই তাদের অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের শিবিরে না রাখার কথা বলা হয়েছে। এ ছাড়া নতুন করে যেসব রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া তাদের বিরুদ্ধে যাতে ফৌজদারি মামলা দেওয়া না হয়, সে কথাও প্রস্তাবে বলা হয়েছে। এগুলোর পাশাপাশি আন্তর্জাতিক সংস্থার সহায়তা নেওয়া এবং আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের কথাও এতে আছে।
কূটনীতিকদের সঙ্গে ব্রিফিং শেষে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেন, ‘আমরা ২০ থেকে ৩০ অক্টোবরের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর মিয়ানমার সফরের প্রস্তাব করেছি। আমরা এখন তাদের উত্তরের অপেক্ষায় আছি। এই সফর হলে অ্যাগ্রিমেন্ট অন বর্ডার লিয়াজোঁ অফিস ও ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট অন সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট সই হবে। এই দুটি চুক্তি হলে সীমান্তের পরিবেশের যথেষ্ট উন্নতি হবে। আমরা তো শান্তিপূর্ণভাবে সমাধানে বিশ্বাসী। তাই মিয়ানমারের দুই বিচ্ছিন্নতাবাদীকে ধরে তাদের কাছে প্রত্যর্পণ করেছি। সমস্যা সমাধানে বাংলাদেশের পক্ষে যেটা করা সম্ভব, তার সবকিছুই করা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সব গুরুত্বপূর্ণ দেশ বাংলাদেশের সঙ্গে আছে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান চাই।’
আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, মিয়ানমারের জেনারেলদের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে ইইউ। এ নিয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ মাসের ১৬ তারিখে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা তাঁদের বৈঠকে মিয়ানমারের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে শুনেছি।’
তিনি জানান, রাখাইনের সহিংসতা-কবলিত এলাকা দেখাতে মিয়ানমার সরকার প্রতিবেশী বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, চীন ও লাউসের কূটনীতিকদের দু-এক দিনের মধ্যে ওই এলাকায় নিয়ে যাচ্ছে।
পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক সম্প্রতি ভারত সফরের সময় সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্রসচিবের সঙ্গে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। এ নিয়ে জানতে চাইলে শহীদুল হক বলেন, ‘ভারত আমাদের সঙ্গে আছে। সব সময় ছিল। যখনই প্রয়োজন আমরা ভারতকে পাশে পেয়েছি। আমরাও ভারতের পাশে থেকেছি। কাজেই এখানে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা কিংবা সন্দেহ করার কোনো অবকাশ নেই।’