মিয়ানমারের গরুতে কক্সবাজারে জমজমাট পশুর হাট
কক্সবাজারের অন্তত ১৫টি কোরবানির পশুর হাট এখন মিয়ানমার থেকে আসা গরু ও মহিষে জমজমাট। মোটা-তাজা হওয়ায় অনেকে এসব গরু ও মহিষ ক্রয় করছেন। গতকাল বুধবার ও গত মঙ্গলবার প্রধান কয়েকটি হাটবাজার ঘুরে এ দৃশ্য দেখা গেছে। উখিয়ার প্রধান কোরবানির পশুর হাট মরিচ্যা বাজারে গত মঙ্গলবার বিকেলে গিয়ে দেখা গেছে, শত শত মানুষ এই হাট থেকে কোরবানির পশু ক্রয় করছেন। এখানকার ৮০ শতাংশ পশু মিয়ানমার থেকে আনা।এই বাজার থেকে ৫২ হাজার টাকা দিয়ে আবদুস সালাম ও ৫৫ হাজার টাকা দিয়ে ফজল কাদের দুটি গরু ক্রয় করেন। এসব গরু মিয়ানমার থেকে আনা। আবদুস সালাম ও ফজল কাদের বলেন, মিয়ানমারের এসব গরু ঢাকা-চট্টগ্রামের বাজারে তুললে এক লাখ টাকার বেশি দামে বিক্রি করা যাবে। এই হাটের ইজারাদার নুরুল আলম জানান, ১৬ হাজার থেকে শুরু করে লাখ টাকা দামের পশু এই বাজারে পাওয়া যাচ্ছে। গত কয়েক দিন ধরে মিয়ানমার থেকে বিপুল পরিমাণ গরু ও মহিষ আসছে। এ কারণে দামও কম। উখিয়ার রুমখা ও সিকদারবিলসংলগ্ন কোরবানির পশুর হাট ঘুরেও একই চিত্র নজরে পড়ে।গতকাল বুধবার সিকদারবিলসংলগ্ন হাটে বড় বড় দুটি গরু বিক্রির জন্য আনেন উখিয়া সদর ইউনিয়নের ফলিয়াপাড়া গ্রামের কৃষক আবদুল মালেক। তিনি প্রতিটি গরুর দাম চান এক লাখ ৫০ হাজার টাকা করে। কিন্তু কেউ এক লাখের বেশি বলছে না।আবদুল মালেক জানান, কয়েক দিন আগেও প্রতিটি গরু এক লাখ ২০ হাজার টাকা করে কিনতে আগ্রহী ছিলেন অনেকে। এখন মিয়ানমারের গরুর কারণে দেশীয় গরুর দাম কমে যাচ্ছে।টেকনাফের পশু ব্যবসায়ী আবু সৈয়দ, আবুল কালাম ও উখিয়ার বাদশা মিয়া জানান, টেকনাফের শাহপরীর দ্বীপ করিডর দিয়ে মিয়ানমার থেকে প্রতিদিন বেশি গরু আসছে। প্রতি গরুর বিপরীতে ৬০০ টাকা রাজস্ব পরিশোধ করে এসব পশু টেকনাফ ও উখিয়ার ১১টি হাটবাজারে বিক্রির জন্য তোলা হচ্ছে। স্থানীয় লোকজনের পাশাপাশি চট্টগ্রাম, সাতকানিয়া, আমিরাবাদের ব্যবসায়ীরাও এই গরু ক্রয় করছেন। গতকাল কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া, বাংলাবাজার, কলঘর বাজার, ঈদগাঁও বাজার ঘুরে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। এসব হাটে ১৫ থেকে এক লাখ টাকায় গরু ও মহিষ বেচাকেনা হচ্ছে। এখানেও মিয়ানমারের গরু বেশি।