মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ঢাকায় আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়াসহ নিরাপত্তা সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে ঢাকায় আসছেন মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থং তুন। এ সফরের সময় তিনি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রথম আলোকে জানিয়েছেন, মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থং তুন ২ জুলাই থেকে ৪ জুলাই বাংলাদেশ সফর করবেন। এ বছরে এ নিয়ে মিয়ানমারের দুই উচ্চ পদস্থ কর্মকর্তার বাংলাদেশ সফর। গত জানুয়ারিতে মিয়ানমার সরকারের বিশেষ দূত হিসেবে ঢাকায় এসেছিলেন খিউ তিন। বাংলাদেশে দীর্ঘদিন ধরে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে মিয়ানমার থেকে সুস্পষ্ট কোনো নির্দেশনা না পাওয়ায় তাঁর ওই সফরের আলোচনা ফলপ্রসূ কার্যকর হয়নি।
এমন এক পরিস্থিতিতে মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ঢাকা সফরে সুস্পষ্ট বার্তা নিয়ে না এলে, তা জানুয়ারির সফরের পুনরাবৃত্তি ঘটাবে বলে ঢাকার কর্মকর্তাদের ধারণা। অং সান সু চির নেতৃত্বাধীন সরকার গত জানুয়ারিতে থং তুনকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে। মিয়ানমারের সামরিক সরকারের শাসনামলে ইউরোপীয় ইউনিয়ন, নেদারল্যান্ডস ও ফিলিপাইনে দেশটির রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন থং তুন।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের ৯ অক্টোবর সীমান্ত চৌকিতে সন্ত্রাসী হামলার জেরে রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়ন শুরুর পর থেকে ৭৪ হাজার রোহিঙ্গা জনগোষ্ঠী প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। প্রতিবেশী মিয়ানমারের সংখ্যালঘু জনগোষ্ঠীর সমস্যা সমাধানে বাংলাদেশ এর উৎসে নজর দিতে বারবার বলে আসছে। কারণ গত অক্টোবরের আগে ২০১২ সালের জুনে জাতিগত সহিংসতার কারণে বেশ কয়েক হাজার রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে।

এ মুহূর্তে কক্সবাজারের দুই শরণার্থীশিবিরে আশ্রয় নিয়েছে ৩৩,১৪৮ জন রোহিঙ্গা। এ ছাড়া কক্সবাজার, বান্দরবানসহ দেশের বেশ কয়েকটি জেলায় তিন লাখেরও বেশি রোহিঙ্গা অবস্থান করছে।