মিয়ানমারের তিন নাগরিক আটক ইয়াবা উদ্ধার
অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে গত বৃহস্পতিবার রাতে টেকনাফ থেকে মিয়ানমারের তিন নাগরিককে আটক করা হয়েছে। এদিকে উপজেলার জলিলের দিয়া এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা প্রায় ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছেন।বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে দক্ষিণ পাড়া সৈকত এলাকায় অভিযান চালিয়ে বিজিবির সদস্যরা মিয়ানমারের তিনজন নাগরিককে আটক করেন। তাঁরা হলেন: সালামত উল্লাহ, কাদের হোসেন ও মো. আয়াছ হোসেন। এ সময় আটক হওয়া ব্যক্তিরা অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁদের বাড়ি মিয়ানমারের সিকদারপাড়া গ্রামে।এদিকে একই দিন রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া বিওপির কোম্পানি কমান্ডার সিরাজুল ইসলামের নেতৃত্বে বিজিবির সদস্যরা উপজেলার জলিলের দিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি বোতলভর্তি নয় হাজার ৯৮৯টি ইয়াবা বড়ি উদ্ধার করেন। এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান উভয় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের টেকনাফ থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে।