মিয়ানমারের তিন নারী পাচারকারীসহ গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে আবারও মিয়ানমারের নাগরিক গ্রেপ্তার হয়েছে। গত শুক্রবার রাতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নগরের মতিঝিল এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারীপাচারকারী চক্রের তিনজনকে গ্রেপ্তার করে তাঁদের কবল থেকে মিয়ানমারের চার নারীসহ পাঁচজনকে উদ্ধার করেছে। ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার করা ব্যক্তিদের মধ্যে চারজন দালাল রয়েছেন। তাঁদের একজন বাংলাদেশি ও তিনজন মিয়ানমারের নাগরিক। ডিবি সূত্র জানায়, শুক্রবার রাত ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে মতিঝিল এলাকার শহীদবাগ আবাসিক হোটেলের একটি কক্ষে অভিযান চালানো হয়। এ সময় ডিবি পুলিশ নারী পাচারকারী দলের সদস্য মিয়ানমারের নাগরিক হেলাল (২৪), নুর আলম (২৫) ও মজিবুর রহমানকে (২৬) গ্রেপ্তার করে। তাঁদের কবল থেকে রোহিঙ্গা নারী আসমা (২৪), নাসিমা (২৩), সালমা (২৫), ও ১০ বছরের শিশু তাসলিমাকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা ব্যক্তিদের স্বীকারোক্তির ভিত্তিতে ১৬৭, মতিঝিল সার্কুলার রোডের ইডেন ভবনের তৃতীয় তলায় ওশিন ওভারসিজে অভিযান চালিয়ে নারী পাচারকারী দলের মূল হোতা সিরাজুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে সাতটি বাংলাদেশি পাসপোর্ট, বাংলাদেশ ও মালয়েশিয়ার পাঁচটি ভুয়া সিল উদ্ধার করা হয়। ডিবির অতিরিক্ত উপকমিশনার মোল্লা নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার করা ব্যক্তিরা রোহিঙ্গা নারী ও শিশুদের বাংলাদেশি পাসপোর্ট তৈরি করে তাঁদের মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতি নিচ্ছিলেন। পাসপোর্ট কার্যালয়ের যোগসাজশে তাঁরা এই পাসপোর্ট তৈরি করে আসছেন। গ্রেপ্তার করা ব্যক্তিদের বিরুদ্ধে মতিঝিল থানায় নারী ও শিশু পাচার আইনে মামলা হয়েছে। রোহিঙ্গা নারী ও শিশুদের তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে। এর আগে ২৮ আগস্ট রাজধানীর সেগুনবাগিচায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দালাল ও নারীসহ মিয়ানমারের নয়জন নাগরিককে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।