মিয়ানমারের দুই নাগরিক সাতক্ষীরায় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে মিয়ানমারের দুই নাগরিককে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানার পুলিশ।
গতকাল মঙ্গলবার বেলা দেড়টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় উপপরিদর্শক আরিফুর রহমান বাদী হয়ে অনুপ্রবেশের অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইউনুস (২৩) ও তাঁর স্ত্রী রোজিয়া বেগম (২০)। তাঁদের দুজনের বাড়ি মিয়ানমারের সিত্তে (মুন্ড) জেলার ইয়াংছাং (বুচিদং) থানার কাজিংগাপাড়া গ্রামে।
গ্রেপ্তার দুজন সাংবাদিকদের বলেন, ১৭ দিন আগে তাঁরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢোকেন। তাঁরা রোজিয়া বেগমের বড় বোন ভারতে অবস্থানরত মোহছিনা বেগমের কাছে যাওয়ার জন্য ভারত সীমান্তবর্তী এলাকায় এসেছিলেন।
মো. ইউনুসের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি তাঁর বাবা জাফর আহমদকে মিয়ানমারে হত্যা করা হয়েছে। এ কারণে জীবন বাঁচাতে তাঁরা ভারতের উদ্দেশে গত ২৫ সেপ্টেম্বর বাড়ি থেকে পালিয়ে আসেন। পরে সীমান্ত অতিক্রম করে তাঁরা ভারতে যাওয়ার পথ খুঁজতে থাকেন। দুর্গাপূজার দশমীর দিনে সীমান্ত পার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দুই ব্যক্তি তাঁদের শ্যামনগরে নিয়ে আসেন। পরে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে পৌঁছালে তাঁদের রেখে ওই দুজন সীমান্ত পার হওয়ার জন্য যোগাযোগের কথা বলে চলে যান। এর পরপরই পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
রোজিয়া বেগম বলেন, দেশে ফিরলে তাঁদের মেরে ফেলা হবে। তাই তাঁরা মিয়ানমারে ফিরতে চান না।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে মিয়ানমারের দুই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।