মিয়ানমারের দুই নাগরিককে বিজিপির কাছে হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে চিকিৎসা নিতে এসে আটক মিয়ানমারের দুজন নাগরিককে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করেছে বিজিবি।
২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বলেন, গতকাল মঙ্গলবার টেকনাফ স্থলবন্দরের পাশে নাফ নদীর জলসীমায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির কাছে ওই দুজনকে হস্তান্তর করা হয়।
ফেরত দেওয়া মিয়ানমারের দুই নাগরিক হলেন আনোয়ার কামাল (২৭) ও মোহাম্মদ ইউছুফ (২৮)। আনোয়ার কামাল পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন।
লে. কর্নেল আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, অবৈধভাবে টেকনাফে চিকিৎসা নিতে এলে গত রোববার সন্ধ্যার দিকে ওই দুজনকে আটক করে বিজিবি। চিকিৎসা দেওয়ার পর মঙ্গলবার দুপুরে তাঁদের মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় ওই দুজন বলেছেন, সম্প্রতি মিয়ানমারের নাকফুরা এলাকায় সংঘর্ষ হলে মাঠে কৃষিকাজ করার সময় তাঁরা গুলিবিদ্ধ হন।