মিয়ানমারের দুই সেনাকে ফেরত দিয়েছে বিজিবি
মিয়ানমারের অপহৃত দুই সেনাসদস্যকে ১৭ জুলাই তাঁদের দেশে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ‘বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু’ দিয়ে ওইদিন সকাল সাড়ে ১০টায় ওই দুই সেনাকে ফেরত পাঠানো হয়। এই দুই সেনাসদস্য হলেন ল্যান্স করপোরাল নাইন তুং অং (৩৯) ও ল্যান্স খিন কেউ লাট (২৮)।
বিজিবি সূত্র জানায়, ১৪ জুলাই বান্দরবান সীমান্তে বিশেষ অভিযান চালানোর সময় অপহরণকারীরা মিয়ানমারের ওই দুই সেনাকে ফেলে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা তাঁদের উদ্ধার করে নিজেদের হেফাজতে রাখেন। এরপর মিয়ানমারকে চিঠি দিয়ে ওই দুই সেনাসদস্যকে ফিরিয়ে নিতে অনুরোধ জানায় বিজিবি।
বিজিবি সূত্র জানায়, দুই সেনাসদস্যকে ফেরত দেওয়া উপলক্ষে ঘুমধুম সীমান্তে ১৭ জুলাই মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও বিজিবির মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক হয়। বৈঠকে নয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলাম। অন্যদিকে নয় সদস্যের মিয়ানমার দলের নেতৃত্ব দেন সে দেশের বিজিপি ১ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ) লে. কর্নেল কই তুই জা। বৈঠকে বিজিবি কর্মকর্তারা মিয়ানমারের দুই সেনাসদস্যকে বিজিপি কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।
অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলাম প্রথম আলোকে জানান, মিয়ানমারের দুই সেনাকে হস্তান্তরের পর সেখানকার বিজিপি কর্মকর্তারা বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত ফেরত দেওয়ায় বিজিবি কর্মকর্তাদের ধন্যবাদ জানান। ভবিষ্যতে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে এই ঘটনা মাইলফলক হিসেবে কাজ করবে বলে তাঁরাও মন্তব্য করেন।
এক প্রশ্নের জবাবে লে. কর্নেল রবিউল জানান, মিয়ানমারে ফেরত পাঠানোর সময় দুই সেনাকে নতুন পোশাকে সুসজ্জিত করা হয়। এর আগে স্বাস্থ্যসেবা দিয়ে দুজনকে সুস্থ করা হয়।
উল্লেখ্য, ১৭ জুন টেকনাফের নাফ নদী থেকে বিজিপি সদস্যরা বেপরোয়া গুলি চালিয়ে বিজিবি সদস্য নায়েক আবদুর রাজ্জাককে অপহরণ করে নিয়ে যায়। এরপর হাত-পা রশি দিয়ে বেঁধে বর্বর নির্যাতন চালায় বিজিপি। আঘাতে নায়েক রাজ্জাকের নাক ফেটে যায়। শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকে আহত আবদুর রাজ্জাকের রক্তাক্ত ও শিকলবন্দী ছবি প্রকাশ করে ব্যাপক বিতর্কের সৃষ্টি করে। ২৫ জুন বিজিপি রাজ্জাককে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশকে ফেরত দিতে বাধ্য হয়।