মিয়ানমারের দুই 'অপহৃত' সেনা বাংলাদেশে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সীমানার মধ্যে মিয়ানমারের দুজন ‘অপহৃত’ সেনাকে উদ্ধারের এক নজিরবিহীন ঘটনার কথা জানিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে পরিচালিত অভিযানে মিয়ানমারের দুই সেনাকে উদ্ধারের প্রসঙ্গে অবশ্য সেনাবাহিনীর পক্ষ থেকে কিছু বলা হয়নি।
গতকাল বুধবার বিকেলে বিজিবির সংবাদ সম্মেলনে বলা হয়, ১৪ জুলাই সীমান্তে বিশেষ অভিযান চালানোর সময় অপহরণকারীরা এ দুজনকে ফেলে রেখে চলে যায় বলে ধারণা করা হচ্ছে। দুই সেনাসদস্যকে মিয়ানমারের কাছে ফেরত দেওয়া হবে। তবে বিজিবির পক্ষ থেকে মিয়ানমারের দুই সেনার নাম প্রকাশ করা হয়নি।
সামরিক ও কূটনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, দুই দেশের সাম্প্রতিক টানাপোড়েনের মধ্যে এ ঘটনা দুই দেশের সম্পর্কের মোড় ঘোরাতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আজ বৃহস্পতিবার মিয়ানমারকে চিঠি দিয়ে তাদের সেনাসদস্যকে উদ্ধার এবং ফিরিয়ে দেওয়ার বিষয়টি জানানো হবে।
বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, মিয়ানমার সেনাবাহিনীর ডেপুটি সার্জেন্ট নাইং টুন এবং সৈনিক খিন য ল্যাটকে কিছুদিন আগে একটি আরাকান মিলিশিয়া গ্রুপ অপহরণ করে। তাঁদের বাংলাদেশের সীমান্তের দিকে নিয়ে যাওয়া হয়েছে—এমন খবর মিয়ানমারের কাছে ছিল। মিয়ানমারই বিষয়টি বাংলাদেশের কর্তৃপক্ষকে জানিয়েছে।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর এ বিষয়ে প্রথম আলোকে বলেন, সীমান্ত নিয়ে সব সময় দুই দেশের ভেতরে সন্দেহ-অবিশ্বাস থাকে। এ ঘটনা কিছুটা হলেও সুবাতাস দিল। বাংলাদেশ যে মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক করতে আগ্রহী, এ ঘটনা থেকে সে বার্তাও পেল মিয়ানমার। এটা খুবই ইতিবাচক।
গতকালের সংবাদ সম্মেলনে বিজিবির উপমহাপরিচালক কর্নেল খোন্দকার ফরিদ হাসান বলেন, বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের ২৭১ কিলোমিটার আন্তর্জাতিক সীমানা রয়েছে। এর মধ্যে ১৯৮ কিলোমিটার সীমান্ত পাহাড়ি এলাকা হওয়ায় স্বাধীনতার পর থেকে অরক্ষিত ছিল। বিজিবি পুনর্গঠনের পর আটটি সীমান্তচৌকি বসিয়ে ৫০ কিলোমিটার সীমানার নিরাপত্তা জোরদার করা হয়। তিনি বলেন, মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সে দেশের অস্ত্রধারী বিচ্ছিন্নতাবাদীদের প্রায়ই সংঘর্ষ হচ্ছে। এসব বিচ্ছিন্নতাবাদীর ব্যাপারে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) ও মিয়ানমার দূতাবাস থেকে বাংলাদেশের সহায়তা চাওয়া হচ্ছিল।
উপমহাপরিচালক বলেন, বাংলাদেশের মাটিতে কোনো বিচ্ছিন্নতাবাদী ঘাঁটি গাড়তে দেওয়া হবে না। এ ব্যাপারে বাংলাদেশের অবস্থান দৃঢ়। তারপরও বিজিবি প্রতিবেশী দেশের অনুরোধে এবং নিজস্ব বাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে একক এবং যৌথ অভিযান চালিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এ বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট চার দফা অভিযান চালানো হয়। প্রথম দফা অভিযান হয় ৮ থেকে ১৮ ফেব্রুয়ারি ১০ দিন। থানচির বলিপাড়া এলাকার এ অভিযানে চারটি দল অংশ নেয়। নাইক্ষ্যংছড়িতে দ্বিতীয় দফা অভিযান হয় ১২ থেকে ১৫ মে। তিন দিনের এ অভিযানে ১৫টি দল অংশ নেয়। তৃতীয় দফায় ২ থেকে ৬ জুন অভিযান চালায় তিনটি দল। সবশেষ অভিযান হয় ৫ থেকে ১৪ জুলাই। এ অভিযানে সেনাবাহিনীর পাঁচটিসহ বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা মিলে ১৬টি দল অংশ নেয়।
বিজিবির কর্মকর্তা বলেন, সবশেষ অভিযান শুরু হয় ৬৭ নম্বর সীমানা পিলার থেকে। শেষ হয় বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সীমানা, যেখানে একসঙ্গে এসে মিশেছে, সেখানে। অভিযানের সময় গভীর জঙ্গলের ভেতরে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা মিয়ানমারের সেনাসদস্য। এঁদের একজন অসুস্থ থাকায় তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে। দুজনেই এখন সুস্থ।
জিজ্ঞাসাবাদে দুজনই জানিয়েছেন, বিচ্ছিন্নতাবাদীরা তাঁদের অপহরণ করেছিল। একপর্যায়ে যৌথ অভিযান দলের উপস্থিতি টের পেয়ে তাঁদের ফেলে পালিয়ে যায় অপহরণকারীরা।
খোন্দকার ফরিদ জানান, দুই সদস্যকে উদ্ধারের পরই মিয়ানমার সরকারকে এ ব্যাপারে জানানো হয়েছে। খুব শিগগিরই তাঁদের হস্তান্তর করা হবে। তিনি জানান, দুজনের কারও পরনে সামরিক পোশাক ছিল না। কী করে জঙ্গলে এলেন বা কোন সন্ত্রাসী গ্রুপ তাঁদের অপহরণ করেছিল, এ ব্যাপারে তাঁরা কিছুই জানাননি। তবে বিচ্ছিন্নতাবাদীরা যেন বাংলাদেশ সীমান্তে আশ্রয় না পায়, সে ব্যাপারে আগে থেকেই মিয়ানমার সরকার বাংলাদেশকে অনুরোধ জানিয়ে আসছিল। তিনি বলেন, উদ্ধারের সময় কোনো গোলাগুলি হয়নি।
চার দফার অভিযানে আর কিছু পাওয়া গেছে কি না, জানতে চাইলে খোন্দকার ফরিদ হাসান বলেন, বলিপাড়ায় অভিযানের সময় ঝুম ঘর ধরনের একটি ঘর পাওয়া যায়। দেখে মনে হয় সেখানে মানুষ বাস করতে পারে। ওই ঘরটি ধ্বংস করা হয়। তবে কারা সেখানে থাকত, তা তিনি জানেন না।
ভারত সরকারের অনুরোধে সে দেশের বিচ্ছিন্নতাবাদীদের ধরতে এই অভিযান কি না, জানতে চাইলে ফরিদ হাসান বলেন, ‘কোনো দেশের অনুরোধে না, আমরা আমাদের মতো করে অভিযান চালিয়েছি।’
অপহৃত দুই সেনাসদস্যকে কত দিন রাখা হয়েছিল বা তাঁদের কোথা থেকে অপহরণ করা হয়েছিল, জানতে চাইলে তিনি বলেন, এটা দুই দেশের সম্পর্কের ব্যাপারে। তা ছাড়া এ ধরনের অভিযানের বিষয়টি এভাবে বলা ঠিক হবে না। চার দফা অভিযানে কী পরিমাণ বিচ্ছিন্নতাবাদী ক্যাম্প ধ্বংস করা হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তো বলিনি ক্যাম্প ধ্বংস হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালিয়েছি।’ মিয়ানমার কী ধরনের সহযোগিতা চেয়েছিল জানতে চাইলে তিনি বলেন, তাড়া খেয়ে বিচ্ছিন্নতাবাদীরা যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকার জন্য তারা বলেছিল।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটিজ স্টাডিজের প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) এ এন এম মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের ঘটনা একেবারে বিরল। সচরাচর এমন ঘটনা ঘটে না। তবে এ ঘটনা থেকে প্রতীয়মান হচ্ছে যে আমাদের সীমান্ত সুরক্ষিত নয়। আগে থেকে নজরদারি থাকলে এমন ঘটনা ঘটত না। এখন দরকার সীমান্তে নজরদারি বাড়ানো, যাতে করে কোনো বিচ্ছিন্নতাবাদী ঘাঁটি গাড়তে না পারে।’