মিয়ানমারের নাগরিকসহ আটক ৭, চারজনকে দেশে ফেরত
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক অভিযান চালিয়ে মিয়ানমারের নাগরিকসহ সাতজনকে আটক করেছে। তাঁদের মধ্যে মিয়ানমারের চার নাগরিককে ফেরত পাঠানো হলেও অপর তিনজনকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়।বিজিবি সূত্র জানায়, গতকাল শুক্রবার ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের জালিয়াপাড়া এলাকা দিয়ে অনুপ্রবেশকালে শাহপরীর দ্বীপ বিওপির কোম্পানি কমান্ডার শাহাব উদ্দিনের নেতৃত্বে বিজিবির জওয়ানরা দুই নারীসহ মিয়ানমারের ছয় নাগরিককে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ৮২ ক্যান বিয়ার, ৫০ প্যাকেট বার্মিজ আচার, তিন হাজার ২০০ টাকা ও একটি নৌকা জব্দ করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে দুই নারীসহ চারজনকে মিয়ানমারে ফেরত পাঠানো হলেও অপর দুজনকে থানায় সোপর্দ করা হয়। তাঁরা হলেন—টেকনাফের লেদা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা মোহাম্মদ আয়াতুল্লাহ ও উখিয়া কুতুপালং শরণার্থী ক্যাম্পের আবদুল মোতালেব।অপরদিকে গতকাল সকালে বিজিবির জওয়ানরা সদর ইউনিয়নের পর্যটন মোড় এলাকায় একটি চাঁদের গাড়িতে তল্লাশি চালিয়ে সাবরাং ইউনিয়নের কোয়াইনছড়ি পাড়া গ্রামের আবদুল মজিদকে ৭৪৯টি ইয়াবা বড়িসহ আটক করেছে।৪২ বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।