মিয়ানমারের নৌবাহিনীকে দায়ী করছেন জেলেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনের পূর্ব-দক্ষিণে বঙ্গোপসাগরের মৌলভীর শীল এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে মাছ ধরার সময় গুলিতে একটি ট্রলারের ছয় জেলে আহত হয়েছেন। জেলেদের অভিযোগ, মিয়ানমারের নৌবাহিনীর সদস্যরা ওই ট্রলার লক্ষ্য করে গুলি চালিয়েছেন।
আহত জেলেরা হলেন কক্সবাজারের নুনিয়ারছড়ার উসমান গনি (২২), রফিকুল ইসলাম (৩০), নুর আহমদ (৩২), মোহাম্মদ আলম (৩০) ও ওসমান গণি (৩৫) এবং মহেশখালীর সাইফুল ইসলাম (৩৫)।
জেলেদের ভাষ্যমতে, গত শুক্রবার এফবি জাবিনা খালেদা-১ নামের মাছ ধরার একটি ট্রলার নিয়ে ১৪ জন জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে বের হন। গতকাল দুপুরের দিকে সাগরের মৌলভীর শীল এলাকায় তাঁরা মাছ ধরছিলেন। এ সময় মিয়ানমারের নৌবাহিনীর একটি নৌযান বাংলাদেশের জলসীমায় ঢুকে ট্রলারটিকে ধাওয়া করে। একপর্যায়ে ওই নৌযান থেকে গুলি চালানো হয়। এতে ছয়জন জেলে গুলিবিদ্ধ হন।
কোস্টগার্ডের সেন্ট মার্টিন স্টেশনের পেটি অফিসার মোহাম্মদ সাইফুল আবছার প্রথম আলোকে বলেন, বিকেলে গুলিবিদ্ধ ছয় জেলেকে নিয়ে ওই ট্রলারের অন্য জেলেরা সেন্ট মার্টিন জেটি ঘাটে পৌঁছান। পরে গুলিবিদ্ধ জেলেদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।