মিয়ানমারের পণ্যবাহী ছয়টি ট্রলার টেকনাফে
প্রায় ২৩ দিন বন্ধ থাকার পর মিয়ানমার থেকে আমদানি পণ্যবোঝাই ছয়টি ট্রলার গতকাল সোমবার কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পৌঁছেছে। ট্রলারগুলোর মধ্যে তিনটিতে রয়েছে হিমায়িত রুই মাছ। অন্য তিন ট্রলারে আছে তিন শতাধিক মেট্রিক টন কাঠ, মাষকলাই, তেঁতুলের বিচি, ফেলন ডাল, শুঁটকি ও আচার। বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে স্থলবন্দরে এসব ট্রলার থেকে শ্রমিকদের পণ্য খালাস করতে দেখা গেছে। হিমায়িত মাছ আমদানিকারক টেকনাফের নুরুল আবছার প্রথম আলোকে বলেন, তিনটি ট্রলারে করে তিনি ১৩০ মেট্রিক টন হিমায়িত রুই মাছ এনেছেন। বিকেলে এসব মাছ চট্টগ্রাম ও ঢাকায় সরবরাহ করার কথা। স্থলবন্দরের কাঠ ব্যবসায়ী জিয়াউল করিম বলেন, গতকাল ভোরে ১৬০ মেট্রিক টন কাঠবোঝাই তাঁর তিনটি ট্রলার মিয়ানমার থেকে এই স্থলবন্দরে পৌঁছায়। খালাসের পর এসব কাঠ ঢাকায় পাঠানো হবে। স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক জানান, মিয়ানমারে দাঙ্গা-পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ব্যবসায়ীরা নতুন করে পণ্য আমদানির উদ্যোগ নিচ্ছেন। রমজান মাস সামনে রেখে মিয়ানমার থেকে, বিশেষ করে বিপুল পরিমাণ ছোলাসহ ভোগ্যপণ্য আমদানির চেষ্টা চলছে। টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা কাজী আবুল হোসাইন জানান, গত ৮ জুন মিয়ানমারে সহিংসতা শুরু হলে স্থলবন্দরের কার্যক্রম অচল হয়ে পড়ে। ১ জুলাই পর্যন্ত ২৩ দিন মিয়ানমারের আমদানি পণ্য সরবরাহ বন্ধ ছিল। এ কারণে গত জুন মাসে রাজস্ব আদায় কমে গেছে চার কোটি ৬৫ লাখ টাকা।