মিয়ানমারের পশু আসছে কম
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ করিডর দিয়ে মিয়ানমারের পশু আসছে কম। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মিয়ানমারে পশুর দাম বেশি হওয়ায় এবং উত্তাল সাগর দিয়ে পরিবহনে সমস্যা হওয়ার কারণে পশু আসার সংখ্যা কমে গেছে।
কাস্টমস সূত্র জানায়, শাহপরীর দ্বীপ করিডর দিয়ে গত বছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে ৮ হাজার ৮৯০টি পশু আমদানি হয়। চলতি বছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরের ২ তারিখ পর্যন্ত আমদানি হয়েছে ৪ হাজার ২৪২টি পশু। সূত্র জানায়, গত বৃহস্পতিবার ২৪৬টি গরু-মহিষ-ছাগল আমদানি হয়। আর গতকাল শুক্রবার এসেছে ৫৮টি মহিষ।
গত ২৮ আগস্ট শাহপরীর দ্বীপ করিডরে গিয়ে দেখা যায়, দুটি নৌকায় করে মিয়ানমার থেকে ৮৫টি পশু আনা হয়েছে। এর মধ্যে গরু ৬১টি ও মহিষ ২৪টি। পশুগুলো এনে করিডরের খোলা মাঠে রাখা হয়। এরপর পশুগুলো কেনার জন্য ব্যবসায়ীদের তৎপরতা শুরু হয়ে যায়। গরু ও মহিষগুলোর ওজন হবে সাড়ে তিন থেকে চার মণ করে।
টেকনাফ ও চট্টগ্রামের পাহাড়তলীর দুই ব্যবসায়ী মো. আলম ও শফি উল্লাহ ৩৯ লাখ ৭২ হাজার টাকা করে কিনে নেন ৫৫টি গরু। এ হিসাবে প্রতিটি গরুর দাম পড়েছে গড়ে ৭২ হাজার টাকা।
পশু আমদানি করা টেকনাফের আবু ছৈয়দ ও শহিদুল ইসলাম বলেন, মিয়ানমারে প্রতিটি গরুর দাম পড়েছে গড়ে ৫০ হাজার টাকা। করিডরে পৌঁছাতে প্রতিটি গরুর দাম পড়ে যায় ৬০ হাজার টাকার মতো।
পশু ব্যবসায়ী মো. আলম বলেন, গত বছর পবিত্র ঈদুল আজহার সময় চট্টগ্রাম ও নোয়াখালীতে তিনি ১ হাজার ৩২৫টি গরু সরবরাহ করেছিলেন। কিন্তু এ বছর এখন পর্যন্ত মাত্র ২২৫টি সরবরাহ করতে পেরেছেন। কারণ, মিয়ানমার থেকে চাহিদা অনুযায়ী পশু আসছে না।
গত ২৮ আগস্ট টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে পশুর হাটে গিয়ে দেখা যায়, দেশীয় ও মিয়ানমারের গরু-মহিষে মাঠ ভরে গেছে। বাজারের ইজারাদার আবদুল গফুর শরিফের কর্মী আহমদ হোসেন বলেন, বিকেল চারটা পর্যন্ত হাটে উঠেছে প্রায় ৮০০ পশু। এর মধ্যে প্রায় ২০০টি মিয়ানমার থেকে আনা।
চট্টগ্রামের ব্যবসায়ী আহমদ হোসেন বলেন, তিনি টেকনাফে পশু কিনতে এসেছেন। গত দুই দিনে ১৮৭টি গরু-মহিষ কিনে চট্টগ্রাম শহর, মিরসরাই, হাটহাজারী, পটিয়া ও আনোয়ারায় সরবরাহ করেছেন। এর মধ্যে শতাধিক গরু মিয়ানমারের। মিয়ানমারের গরু দেখতে দেশি গরুর মতো। তাই বেশি দামে বিক্রি করা যায়। কিন্তু এবার চাহিদামতো পশু পাওয়া যাচ্ছে না।
টেকনাফ শুল্ক বিভাগের কাস্টমস সুপার মো. আবদুল মান্নান বলেন, শাহপরীর দ্বীপ করিডর দিয়ে কয়েক দিন ধরে পশু আসছে। তিনি বলেন, সাগর উত্তাল থাকায় জুন মাসে পশু আমদানি অনেক কম ছিল।
২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী বলেন, পশু আমদানি বাড়াতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হয়েছে। সাগর শান্ত হলে পশু আমদানি বাড়বে।