মিয়ানমারের পাঁচ নাগরিক জাল পাসপোর্টসহ গ্রেপ্তার
বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া সহজ। তাই বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ড যাওয়ার চেষ্টা করছিলেন মিয়ানমারের পাঁচ নাগরিক। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর একটি আবাসিক হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করে। তাঁদের সঙ্গে ধরা পড়েন বাংলাদেশি দুই দালাল।পুলিশ জানায়, গ্রেপ্তার করা পাঁচ বিদেশি ও দুই বাংলাদেশির কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬০০ মার্কিন ডলার এবং কিছু বাংলাদেশি টাকা। মিয়ানমারের নাগরিকদের নামে ইস্যু করা পাসপোর্টগুলো চট্টগ্রাম জেলার বিভিন্ন অঞ্চলের ঠিকানায় নেওয়া হয়েছে। পাঁচ মিয়ানমারের নাগরিক গ্রেপ্তার নিয়ে গতকাল সকালে গোয়েন্দা বিভাগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন উপপুলিশ কমিশনার মাহবুবুর রহমান। তিনি সাংবাদিকদের বলেন, পাঁচটি জাল পাসপোর্টসহ মিয়ানমারের পাঁচ নাগরিক এবং বাংলাদেশি দুই দালালকে ঢাকার আশকোনা থেকে গ্রেপ্তার করা হয়। বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন তাঁরা। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বাংলাদেশের আদমজী ও এরশাদ এবং মিয়ানমারের মো. কায়েস, হোসনে মোবারক, জাহেদ আলম, জহিরুল্লাহ ও মো. আমিন। উপকমিশনার বলেন, গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের সহকারী উপকমিশনার মোল্লা নজরুল ইসলামের তত্ত্বাবধানে এই অভিযানে নেতৃত্ব দেন চোরাচালান ও জালিয়াতি প্রতিরোধ দলের প্রধান সহকারী কমিশনার (এসি) কাজী মনিরুজ্জামান।