মিয়ানমারের ভেজাল পণ্য টেকনাফের হাটবাজারে
কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে প্রতিদিন ভেজাল পণ্যসামগ্রী পাচার হয়ে আসছে। স্থানীয় ব্যবসায়ীরা এসব পণ্য বিক্রি করে বেশি লাভবান হলেও ভোক্তারা ঠকছেন প্রতিনিয়ত। সরেজমিনে দেখা গেছে, উপজেলার ১৯টি হাটবাজারের মধ্যে টেকনাফ বড় বাজার, বাসস্টেশন বাজার, শাহপরীর দ্বীপ, সেন্ট মার্টিন দ্বীপ, নয়াপাড়া, সাবরাং, মৌলভীবাজার, উনছি প্রুং বাজার, হোয়াইক্যং বাজারের অধিকাংশ দোকানে মিয়ানমারের তৈরি নানা ধরনের জেলি, ফলের রস, সেমাই, গুঁড়া দুধ, নুডলস, তেল, কফি, টিসু পেপার, কাপড়, ওষুধ, কসমেটিক ও ইলেকট্রনিক-সামগ্রীসহ বিভিন্ন ধরনের ভেজাল পণ্য অবাধে বিক্রি হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে টেকনাফের কয়েকজন পাচারকারী জানান, মিস্ত্রিপাড়া, বাজারপাড়া, জালিয়াপাড়া, মৌলভীপাড়া, নাজিরপাড়া, নাইট্যংপাড়া, বরইতলীসহ অন্তত ২৩টি সীমান্ত পয়েন্ট দিয়ে ভেজাল পণ্যসামগ্রী পাচার হয়ে আসছে। টেকনাফ বড় বাজারের জনসেবা স্টোরের মালিক রফিকুল করিম জানান, টেকনাফে মিয়ানমারের পণ্যের চাহিদা বেশি। মানসম্মত পণ্যের ক্রেতা অনেক কম, তাই দোকানে সব ধরনের পণ্য রাখা হয়। এ ছাড়া এখানে কম দামের পণ্য বেশি বিক্রি হয়। কয়েকজন স্থানীয় ক্রেতা অভিযোগ করেন, অনেক দোকানে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্যসহ বিভিন্ন ভেজাল পণ্যসামগ্রী বিক্রি হচ্ছে। টেকনাফ ৪২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হোসেন মিয়ানমার থেকে ভেজাল পণ্যসামগ্রী পাচারের সত্যতা নিশ্চিত করে বলেন, চলতি রমজান মাসে মিয়ানমার থেকে পাচারের সময় বিপুল পরিমাণ ভেজাল জেলি, ফলের রস, সেমাই, গুঁড়া দুধ, নুডলসসহ বিভিন্ন পণ্যসামগ্রী জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন বলেন, ‘রমজান মাসে বাজার পর্যবেক্ষণ করা হচ্ছে। ভেজাল ও বিএসটিআইয়ের অনুমোদনবিহীন পণ্য পাওয়া গেলে জেল-জরিমানাসহ দোকানের লাইন্সেস বাতিল করা হবে।’