মিয়ানমারের মাদকদ্রব্যে সয়লাব পর্যটন শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ, উখিয়া ও নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রায় ২৯টি সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে পাচার হয়ে আসছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এর মধ্যে বিদেশি মদের বোতল, ইয়াবা ও বিয়ার উল্লেখযোগ্য। প্রায় প্রতিদিন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, র‌্যাব, কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা, বিদেশি মদের বোতল জব্দ করলেও মাদক পাচার বন্ধ হচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানান, নাফ নদী অতিক্রম করেই মিয়ানমারের ইয়াবা, বিদেশি মদের বোতলসহ অন্যান্য মাদকের চালান টেকনাফ, উখিয়াসহ বিভিন্ন স্থানে পাচার হয়। পরে এসব মদের বোতল ও ইয়াবা সমুদ্রপথে ট্রলারে এবং সড়কপথে বিভিন্ন মাধ্যমে কক্সবাজার শহরে পৌঁছানো হয়। কক্সবাজার সৈকতে ভ্রমণে আসা একশ্রেণীর লোক এই মদের মূল গ্রাহক। গ্রাহকদের সন্তুষ্ট রাখতে শহরের বহু হোটেল-মোটেল-গেস্টহাউসে বিদেশি মদের বোতল, বিয়ার ও ইয়াবা মজুদ রাখা হয়। অভিযান চালিয়ে গত কয়েক দিনে দেড় হাজার ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তারও করা হয়। কিন্তু তার পরও মাদক পাচার নির্মূল সম্ভব হচ্ছে না।সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার বলেন, শহরের বিভিন্ন হোটেল ও অলিগলিতে মদের আখড়ায় প্রায় প্রতিদিন পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। মদ বেচাবিক্রির বেশ কিছু আখড়াও ইতিমধ্যে উচ্ছেদ করা হয়েছে। তবে পর্যটন এলাকা হওয়ায় কিছু হোটেলে মদের ব্যবসা হচ্ছে অনুমতি সাপেক্ষে। হোটেল-মোটেল-গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার জানান, অন্যান্য সৈকতের মতো কক্সবাজার সৈকত মাদকাক্রান্ত হয়ে ওঠেনি। তার পরও কিছু হোটেলে লুকিয়ে মদ-বিয়ার বিক্রি হয়। প্রশাসন চাইলে এসব বন্ধ করে দিতে পারে। অনুসন্ধানে জানা গেছে, বর্তমানে টেকনাফের শাহপরীর দ্বীপ, জালিয়াপাড়া, মিন্ত্রিপাড়া, নয়াপাড়া, সাবরাং, নাজিরপাড়া, মৌলভীপাড়া, নাইটংপাড়া, দমদমিয়া, জাদিমুরা, নিলা, নয়াবাজার, উলুবনিয়া, হোয়াইক্যং, উখিয়ার উলুবনিয়া, পালংখালী, বালুখালী, রহমতেরবিল, আঞ্জুমানপাড়া; নাইক্ষ্যংছড়ির আমতলী, তুমব্রু, ঘুমধুমসহ অন্তত ২৯টি পয়েন্ট দিয়ে প্রতিদিন লাখ লাখ টাকার মাদকদ্রব্য মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হয়ে আসছে। টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউনুস বাঙ্গালী জানান, মিয়ানমারের মাদকদ্রব্য কম টাকায় হাতের নাগালে পাওয়ায় যুবসমাজ শেষ হয়ে যাচ্ছে। নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমদ জানান, বিজিবি সদস্যদের কড়া নজরদারির পরও কতিপয় ব্যক্তি রাতের আঁধারে বিভিন্ন দুর্গম সীমান্ত পয়েন্ট দিয়ে মাদকদ্রব্য পাচার করে আনছে। কক্সবাজারস্থ ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান জানান, মাদক পাচার বন্ধে সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের টহলে রাখা হয়েছে। বিজিবি অধিনায়ক লে. কর্নেল খালেকুজ্জামান বলেন, ১৪ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ১০ দিনে এই ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা ২৫টি স্থানে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করেন।